শ্রীমঙ্গলে একটি বাড়ি থেকে ৮১টি বন্য প্রাণী জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকার একটি বাড়ি থেকে গতকাল শনিবার বিকেলে বন বিভাগ ও র্যাবের যৌথ অভিযানে ৩১ প্রজাতির ৮১টি বন্য প্রাণী জব্দ করা হয়েছে। এগুলোর মধ্যে আট প্রজাতির ১৫টি বন্য প্রাণী লাউয়াছড়া জাতীয় উদ্যানে সন্ধ্যায় অবমুক্ত করা হয়েছে। অন্যগুলো জব্দ তালিকা করে ওই বাড়িতেই রাখা হয়েছে।লাউয়াছড়ায় অবমুক্ত করা প্রাণীগুলোর মধ্যে রয়েছে একটি হনুমান, তিনটি লজ্জাবতী বানর, একটি চিতা বিড়াল একটি ইগল, চারটি বনমোরগ, দুটি উল্লুক, দুটি ধনেশ ও একটি লক্ষ্মীপেঁচা।বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, পৌর এলাকার জালালিয়া সড়কের বাসিন্দা মো. আবদুল হান্নান মিয়া ও তাঁর ভাই মো. আবদুল আহাদ মিয়া কয়েক মাস ধরে তাঁদের বাড়ির আঙিনায় বেশ কিছু বন্য প্রাণী সংগ্রহ করে লালনপালন করে আসছিলেন। এর আগে তাঁদের বন্য প্রাণী লালনপালনের ব্যাপারে বন বিভাগের পক্ষ থেকে নিষেধ করা হয়েছিল।সূত্রমতে, ওই বাড়িতে জব্দ করা বন্য প্রাণীর মধ্যে রয়েছে: দুটি বনছাগল, দুটি সিলভার প্রিজন, আটটি বেগুনি কালেম, ৩০টি বিভিন্ন প্রজাতির হাঁস, একটি ভোঁদড়, একটি ময়ূর, তিনটি কচ্ছপ, চারটি ট্রোগন, তিনটি বানর, একটি অজগর, দুটি সুতানালি সাপ, একটি সাদা বাঘ, দুটি দুধরাজ সাপ, দুটি বসন্ত বৌরি, নয়টি টিয়া পাখি, একটি বাজরিগার পাখি, তিনটি হিমালয়ান পাম সিভেট, দুটি বাজপাখি, নয়টি ঘুঘু, একটি চিত্রাহরিণ, তিনটি উট পাখি, পাঁচটি ইমু পাখি, পাঁচটি ময়না, দুটি তোতা পাখি, ছয়টি বনমোরগ, তিনটি পেঁচা, একটি সজারুসহ আরও কয়েক প্রজাতির পাখি ও কবুতর। বন বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা এ কে এম আজহারুল ইসলাম জানান, গত ৭ এপ্রিল তিনি হান্নান ও আহাদকে চিঠি দিয়ে অবৈধভাবে বন্য প্রাণী প্রতিপালন থেকে বিরত থাকার জন্য বলেছিলেন। ওই চিঠিতে তাঁদের হেফাজতে থাকা সব বন্য প্রাণী মৌলভীবাজার বন বিভাগে হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু তাঁরা বন বিভাগের এ অনুরোধ রক্ষা করেননি। তিনি বলেন, আইনানুযায়ী বন্য প্রাণীগুলো অবৈধভাবে লালনপালনের জন্য একটি মামলা হবে। তবে এ জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নিতে হবে। আজহারুল ইসলাম বলেন, বিভাগীয় বন কর্মকর্তার (বন্য প্রাণী) অনুমোদন নিয়ে বছরে নির্দিষ্ট ফি দিয়ে হরিণ লালনপালন করা যায়। এর বাইরে অন্য কোনো বন্য প্রাণী লালনপালন করা যায় না।র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পরিচালক মো. মনজুর আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, অভিযানকালে হান্নান ও আহাদ বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।মো. আবদুল হান্নান দাবি করেন, তিনি শখের বশে এগুলো লালনপালন করছিলেন। এ ছাড়া বিলুপ্তপ্রায় প্রাণীগুলো প্রজননের মাধ্যমে রক্ষা করার উদ্যোগের অংশ হিসেবে তিনি এগুলো সংগ্রহ করেছিলেন। মৌলভীবাজারের সহকারী বনসংরক্ষক কাজী মো. নূরুল করিম প্রথম আলোকে বলেন, উদ্ধার করা বন্য প্রাণীগুলোর মধ্যে যেগুলো লাউয়াছড়া জাতীয় উদ্যানের পরিবেশে বেঁচে থাকতে পারবে সেগুলো লাউয়াছড়ায় ছেড়ে দেওয়া হয়েছে। অন্যগুলো জব্দ তালিকা করে তাঁদের (হান্নান ও আহাদ) হেফাজতেই রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুয়ায়ী ওই প্রাণীগুলো ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর বা দেশের অন্য কোনো বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে।