শ্রীমঙ্গলে খাসিয়া পুঞ্জির এক হাজার পান গাছের গোড়া কর্তন!
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আদিবাসী খাসিয়া গ্রাম নাহার-১ পান পুঞ্জির প্রায় এক হাজার পানের গাছ কে বা কারা রাতের অন্ধকারে কেটে দিয়েছে। এতে চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় পুঞ্জির সহকারী মন্ত্রী (প্রধান) ডেবারমিন পংতাম এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।পুঞ্জির বাসিন্দারা জানান, রোববার সকাল ১০টার দিকে গ্রামের লোকজন জুমে গিয়ে পানগাছের গোড়া শিকড় থেকে কাটা দেখতে পান। জানা গেছে, পুঞ্জির বাসিন্দা নিমাই পংতামের প্রায় ৫০০ গাছ, ডেবারমিন পংতামের ২০০ এবং যৌথ মালিকানার (ওই গ্রামের সবার) আরও প্রায় ৩০০ গাছের গোড়া কে বা কারা কেটে দিয়েছে। পুঞ্জিবাসীর ধারণা, শনিবার রাতের কোনো এক সময় গাছগুলো কাটা হয়েছে।নাহার-১ পুঞ্জির সহকারী মন্ত্রী (প্রধান) ডেবারমিন পংতাম বলেন, ‘এতে আমাদের প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।’ ডেবারমিন জানান, নাহার চা-বাগান কর্তৃপক্ষের কাছ থেকে ১৯৮৪ সালে ১৫০ একর এবং পরে আরও ৫০ একর জমি ইজারা নিয়ে ২৮টি খাসিয়া পরিবার ওই জমিতে বসবাস এবং পানের চাষ করছেন। তিন বছর ধরে চা-বাগান কর্তৃপক্ষ তাঁদের উচ্ছেদের চেষ্টা করছেন।শ্রীমঙ্গল থানার ওসি মো. আবদুল্লাহ বলেন, নাহার-১ পান পুঞ্জির বাসিন্দাদের পক্ষে ডেবারমিন একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।