শ্রীমঙ্গলে খেলার মাঠ রক্ষায় শিশুদের সড়ক অবরোধ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি ক্যাম্প-সংলগ্ন খেলার মাঠ রক্ষায় শিশু-কিশোর ও তাদের অভিভাবকেরা রাস্তায় নেমেছেন। তাঁরা গতকাল শনিবার শ্রীমঙ্গল-কালীঘাট সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, শুক্রবার খেলার মাঠটি চাষ করা হয়। গতকাল সকাল সাড়ে আটটার দিকে ফুলছড়া চা-বাগানের অর্ধশতাধিক শ্রমিক মাঠটিতে চা-গাছ লাগানো শুরু করেন। এতে শিশু-কিশোরেরা ক্ষুব্ধ হয়ে এলাকায় মাইকে প্রচারণা চালিয়ে সংঘবদ্ধ হয়। পরে তারা মাঠ রক্ষার দাবিতে সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল-কালীঘাট সড়ক অবরোধ করে। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ জেলা প্রশাসনের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে মাঠে গাছ লাগানোর কাজ বন্ধ করে দিলে বেলা ১১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। পরে এলাকাবাসী মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান এবং স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের চিফ হুইপ মো. আব্দুস শহীদের কাছে স্মারকলিপি দেন। ফিনলের উপমহাব্যবস্থাপক সাজ্জাদ শরীফ প্রথম আলোকে বলেন, ‘আমরা আমাদের ইজারা নেওয়া জমিতে চা-গাছ রোপণ করছি। দীর্ঘদিন ধরে পতিত ফেলে রাখায় জমি দখল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এলাকার শিশুদের খেলার মাঠের প্রয়োজন হলে পার্শ্ববর্তী অন্য কোনো জায়গা দেওয়া যেতে পারে।’ জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘এলাকাবাসীর আবেদন পেয়েছি। চা-বাগান কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করার কথা বলেছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে।’