শ্রীমঙ্গলে গাছচোরদের হামলায় এবার তিন বনপ্রহরী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা-বাগানে রেলগেটের কাছে গতকাল শনিবার দুপুরে গাছচোরদের হামলায় এবার তিন বনপ্রহরী আহত হয়েছেন। গাছচোরেরা লাঠি ও রড দিয়ে পিটিয়ে বনপ্রহরীদের একটি বন্দুক ছিনিয়ে নেয়। পরে ছয়টি গুলি ছুড়ে অস্ত্রটি উদ্ধার করেন বনপ্রহরীরা।আহত বনপ্রহরী মেহের জামাল (৩২), মো. আখতার হোসেন (৩১) ও জামাল হোসেনকে (৩০) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এর আগে গত ২৬ জুন ভাড়াউড়া চা-বাগানের কারখানার কাছে গাছচোরেরা লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা (বন্যপ্রাণী) এ কে আজহারুল ইসলামকে পিটিয়ে জব্দ করা সেগুনগাছ ছিনিয়ে নেয়। আহত বনপ্রহরী মেহের জামাল অভিযোগ করেন, ভাড়াউড়া চা-বাগানের বাসিন্দা সাধু কাহারের নেতৃত্বে ৩০-৩৫ জনের একদল সশস্ত্র গাছচোর দুপুর সোয়া একটার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে সেগুনগাছ কেটে পাচার করছিল। ওই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন তিন বনপ্রহরী। তাঁরা বাধা দিতে গেলে গাছচোরেরা লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে তাঁদের একটি বন্দুক ছিনিয়ে নেয়। পরে ফাঁকা গুলি ছুড়লে বন্দুকটি রাস্তায় ফেলে গাছচোরেরা পালিয়ে যায়। রেঞ্জ কর্মকর্তা এ কে এম আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এভাবে চললে লাউয়াছড়া জাতীয় উদ্যান কেউ রক্ষা করতে পারবে না। তিনি অভিযোগ করেন, পুলিশ তাঁদের সহযোগিতা করছে না। গত ২৬ জুন সাধু কাহারের নেতৃত্বে ভাড়াউড়া চা-বাগানে গাছচোরেরা তাঁর ওপর হামলা করে জব্দ করা সেগুনগাছ ছিনিয়ে নেয়। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় নয়জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। কিন্তু পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ্ জানান, তিনি ঘটনাটি জেনেছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত বনপ্রহরীদের বক্তব্য নিয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।অসহযোগিতার অভিযোগ অস্বীকার করে ওসি বলেন, ২৬ জুনের ঘটনায় মামলার আসামিদের ধরতে পুলিশ আন্তরিক। প্রতি রাতেই আসামিদের বাড়িতে পুলিশ হানা দিচ্ছে। তারা রাতে বাড়িতে থাকছে না।