শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান রিসোর্টের বিরুদ্ধে ভোক্তার অভিযোগ, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ হোটেলকে ভোগ্যপণ্যের দাম বেশি রাখার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার কার্যালয়ে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ কর্তৃপক্ষের উপস্থিতিতে এই জরিমানা করেন কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

জানা যায়, ঢাকা থেকে শ্রীমঙ্গলে ঘুরতে এসে জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তি গ্র্যান্ড সুলতানে ওঠেন। এ সময় তাঁর কাছ থেকে ২০ টাকা দামের পানি বোতলের জন্য ৫০ টাকা আদায় করা হয়। পরে বিষয়টি উল্লেখ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অভিযোগ করেন তিনি। যার পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে ভোগ্যপণ্যের নির্ধারিত মূল্যের অধিক মূল্য আদায় করার দায়ে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন প্রথম আলোকে বলেন, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের বিরুদ্ধে এর আগে দুবার পণ্যের অধিক মূল্য আদায়ের দায়ে জরিমানা করা হয়েছে। তিনি বলেন, ‘পণ্যের মূল্যের চেয়ে যদি কেউ এক টাকাও বেশি নেয়, তাহলে আমাদের জরিমানা করার সুযোগ রয়েছে। যদি কোনো ভোক্তার কাছ থেকে পণ্যের বেশি মূল্য রাখা হয়, তাহলে এক মাসের মধ্যে অধিদপ্তরে ওই ভোক্তা অভিযোগ করতে পারবেন। অভিযোগ সত্য প্রমাণিত হলে জরিমানার ২৫ শতাংশ অভিযোগকারী পাবেন।’

এ ব্যাপারে গ্র্যান্ড সুলতান কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। শুরুতে গ্র্যান্ড সুলতানের জনসংযোগ কর্মকর্তা পলাশ চৌধুরীর সঙ্গে প্রথম আলোর শ্রীমঙ্গল প্রতিনিধি যোগাযোগ করলে তিনি ছুটিতে ছিলেন এবং বিষয়টি জেনে জানাবেন। এরপর দীর্ঘ সময় তিনি যোগাযোগ না করলে তাঁকে মুঠোফোনে পেতে একাধিকবার চেষ্টা করা হয়। কিন্তু তিনি আর ফোন ধরেননি।
এরপর গ্র্যান্ড সুলতানের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আরমান খানের সঙ্গে প্রথম আলোর ঢাকা অফিস থেকে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তবে তিনিও ফোন ধরেননি।