মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা নিলামকেন্দ্র স্থাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দেশের ১৩৩টি চা-বাগানের প্রতিনিধি, মৌলভীবাজার চেম্বার, ব্যাংকের ব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভা সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা নিলামকেন্দ্র স্থাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক এক সভা আহ্বান করা হয়। এতে দেশের ১৬৬টি চা-বাগানের মধ্যে বৃহত্তর সিলেট অঞ্চলের ১৩৩টি চা-বাগানের ব্যবস্থাপক ও ভ্যালির (কয়েকটি চা-বাগান নিয়ে একটি ভ্যালি) প্রতিনিধি এবং চা-সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দ্য মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এ আহাদ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, চা বোর্ডের প্রকল্প উন্নয়ন শাখার (পিডিইউ) পরিচালক মো. হারুনুর রশীদ সরকার, নিউ সমনভাগ চা-বাগানের ব্যবস্থাপক মো. শাহজান আখন্দ, মণিপুর চা-বাগানের ব্যবস্থাপক শামীম খান, কালীঘাট চা-বাগানের উপমহাব্যবস্থাপক সরওয়ার আহমদ, বেসিক ব্যাংক মৌলভীবাজার শাখার উপমহাব্যবস্থাপক সৈয়দ মশাহীদ আলী প্রমুখ।