সিলেটের শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছে সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন গণদাবি পরিষদ। গতকাল মঙ্গলবার সিলেট নগরের কোর্ট পয়েন্টে সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক সাংসদ মুহম্মদ আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বৃহত্তর সিলেটে ১১৮টি চা-বাগান আছে। তা সত্ত্বেও চা নিলাম কেন্দ্র চট্টগ্রামে থাকায় চা-শিল্পের উন্নতি ও পরিবহনে ব্যাঘাত ঘটছে। কাজেই চা নিলাম কেন্দ্র সিলেটের শ্রীমঙ্গলে স্থাপনের দাবি অযৌক্তিক নয়। অবিলম্বে এ দাবি পূরণ করতে হবে।সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ, শহীদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আলী ইসমাইল, আইনজীবী আবদুল হামিদ, আবদুর রকিব, এম এ ওয়াদুদ, মুক্তিযোদ্ধা-সাংবাদিক মৃণাল চৌধুরী, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, জাহাঙ্গীর আলম প্রমুখ।বক্তারা শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র স্থাপনের পাশাপাশি হাকালুকি ও টাঙ্গুয়ার হাওরে অভয়াশ্রম প্রতিষ্ঠা, টেকেরঘাটের চুনাপাথর খনি, ছাতক পাল্প অ্যান্ড পেপার মিল ও সিলেট টেক্সটাইল মিল চালুর দাবি জানান।সিলেট জেলা আইনজীবী সমিতির দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে সিলেটে হাইকোর্টের একটি বেঞ্চ অনতিবিলম্বে স্থাপন করে মামলাজটসহ জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।