শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র স্থাপনের দাবি পূরণ না হলে আন্দোলন
অবিলম্বে শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র স্থাপন, আড়াই শ শয্যার হাসপাতালের কার্যক্রম চালুসহ ১১ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে মৌলভীবাজার জেলা নাগরিক কমিটি। অন্যথায় রাস্তায় নেমে আন্দোলন করা হবে। গতকাল সোমবার মৌলভীবাজার প্রেসক্লাবে কমিটির এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। চায়ের নিলাম কেন্দ্র স্থাপনের দাবিতে গতকাল শ্রীমঙ্গলেও সমাবেশ হয়েছে। জেলা নাগরিক কমিটির সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র স্থাপন ও জেলা সদরে শ্রম-আদালত প্রতিষ্ঠার দাবি আজ মৌলভীবাজারবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে। তাঁরা আরও বলেন, অবকাঠামো তৈরি হওয়ার পরও জেলা সদরে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু হচ্ছে না। খেলার মাঠে বাণিজ্য মেলা কিংবা কোরবানির পশুর হাট করা হচ্ছে। বেরি লেকের পাশের শিশুপার্ককে করা হয়েছে ট্রাক স্ট্যান্ড। পৌর পার্ক (শিশু পার্ক) এখন শুধু বড়দের কাছে একটি গল্পের বিষয়। দাবি আদায়ে সংশ্লিষ্ট বিভাগে স্মারকলিপি দেওয়া হবে জানিয়ে নেতারা বলেন, প্রয়োজনে রাস্তায় নেমে আন্দোলন করা হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন নাগরিক কমিটির সদস্যসচিব বকশি ইকবাল আহমদ। বক্তব্য দেন নাগরিক কমিটির আহ্বায়ক গজনফর আলী চৌধুরী, যুগ্ম আহ্বায়ক এ এম ইয়াহিয়া মুজাহিদ ও সদস্য সাবেক সাংসদ সৈয়দা হাসনা বেগম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ সাহাবুদ্দিন আহমদ, মোয়াজ্জেম হোসেন, আলিমা মুজাহিদ, নুরজাহান সুয়ারা, নিলিমেষ ঘোষ ও মাসুক আহমদ। নাগরিক কমিটির অন্য দাবিগুলোর মধ্যে আছে, বিদ্যুৎ ব্যবস্থার অনিয়ম দূর ও লোড শেডিং থেকে রক্ষা, আইনশৃঙ্খলার উন্নতি, পৌর এলাকায় বিশুদ্ধ পানির বন্দোবস্ত, জলাবদ্ধতা নিরসনে বেদখল করা ছড়া ও খাল উদ্ধার, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা চালু এবং নদী খনন করে হাওরগুলোর জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা। এ ছাড়া আছে মৌলভীবাজার সরকারি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ও মৌলভীবাজারে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা।শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সমাবেশে বক্তারা বলেন, দেশে ১৬৫টি চা-বাগানের মধ্যে ১৩৬টি সিলেট বিভাগে অবস্থিত। মৌলভীবাজারে চা-বাগানের সংখ্যা ৯১টি। আর শ্রীমঙ্গল উপজেলায় আছে ৪৭টি। রপ্তানির প্রয়োজনে চট্টগ্রামে নিলাম বাজার প্রতিষ্ঠিত হয়েছিল। এখন চা রপ্তানি হয় না, বরং আমদানি হয়। দেশে একাধিক নিলাম বাজার প্রতিষ্ঠিত হলে ভোক্তা পর্যায়ে চায়ের দাম কমবে। দেশের দ্বিতীয় নিলাম বাজার শ্রীমঙ্গলে প্রতিষ্ঠার দাবির বিরোধিতা করা অযৌক্তিক। তাঁরা বলেন, তাঁদের দাবি বাস্তবায়ন না হলে সিলেট বিভাগের কোনো বাগান থেকে চট্টগ্রামে চা পাঠাতে দেওয়া হবে না।শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে সমিতির কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলার চেয়ারম্যান রনধীর কুমার দেব, ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী, চা-বাগান মালিক প্রতিনিধি সিরাজুল ইসলাম চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মনির। সমাবেশে চা-বাগান মালিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।