শ্রীমঙ্গলে চা নিলামকেন্দ্রের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীমঙ্গল উপজেলায় চা নিলামকেন্দ্র স্থাপনের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে জেলা শহরের চৌমোহনায় ওই কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। প্রায় আধা কিলোমিটার দীর্ঘ মানববন্ধনটি বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে। পরে ওই চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশের বেশির ভাগ চা-বাগান মৌলভীবাজার জেলায় অবস্থিত। বাংলাদেশের মোট উৎপাদিত চায়ের ৯৩ দশমিক ৮ শতাংশ চা বৃহত্তর সিলেট অঞ্চলে উৎপাদিত হয়। এই চা চট্টগ্রামে নিয়ে নিলাম করতে হয়। বহির্বিশ্বে চা রপ্তানি হতো বলে একসময় বাস্তবতার নিরিখে চট্টগ্রামে চা নিলামকেন্দ্র স্থাপিত হয়েছিল। কিন্তু বর্তমানে রপ্তানির পাশাপাশি চা আমদানিও হচ্ছে। এই বাস্তবতায় সিলেট অঞ্চল থেকে সব চা চট্টগ্রামে নিয়ে অভ্যন্তরীণ ভোক্তাদের কাছে পৌঁছানোর কোনো যৌক্তিকতা নেই। এতে পরিবহন খরচসহ বিপুল পরিমাণ অর্থের অপচয় হচ্ছে। যা সরকার ও ভোক্তাকেই বহন করতে হচ্ছে। তাই শ্রীমঙ্গলে দ্বিতীয় চা নিলামকেন্দ্র স্থাপন করা প্রয়োজন। পাশের দেশ ভারতেও সাতটি চা নিলামকেন্দ্র রয়েছে। বক্তারা শ্রীমঙ্গলে চা নিলামকেন্দ্র স্থাপনের দাবি বাস্তবায়নে সিলেট অঞ্চলের ১৭ জন সাংসদ ও মন্ত্রীদের এগিয়ে আসার আহ্বান জানান। সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এ আহাদ। বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের (সদর ও রাজনগর) সাংসদ সৈয়দ মহসীন আলী, পৌর মেয়র ফয়জুল করিম, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ফারুক আহমদ চৌধুরী, শ্রীমঙ্গলে চা নিলামকেন্দ্র বাস্তবায়নের দাবিতে গঠিত নাগরিক কমিটির আহ্বায়ক গজনফর আলী চৌধুরী, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক আবদুল মুকিত, জাসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল, সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ প্রমুখ।মানববন্ধন ও সমাবেশ শেষে চেম্বারের নেতারা মৌলভীবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় করেন। নেতারা বলেন, এই দাবি কোনো একক দল বা গোষ্ঠীর নয়। এটি এই অঞ্চলের দীর্ঘদিনের দাবি। দলমত নির্বিশেষে সবাই এই দাবিতে এক হয়েছেন।