শ্রীমঙ্গলে চা-পাতার নিলামকেন্দ্র দ্রুত বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-পাতার নিলামকেন্দ্র দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। গতকাল মঙ্গলবার মৌলভীবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমানে মৌলভীবাজারসহ বৃহত্তর সিলেট অঞ্চলের চা চট্টগ্রামে নিয়ে নিলামের কোনো যুক্তি নেই। চট্টগ্রামের পাশাপাশি শ্রীমঙ্গলেও চা-নিলাম কেন্দ্র স্থাপন এখন সময়ের দাবি।সংবাদ সম্মেলনে জানানো হয়, সারা দেশে বছরে প্রায় ছয় কোটি কেজি চা উ ৎ পাদন হয়ে থাকে। এর মধ্যে বৃহত্তর সিলেটেই উ ৎ পাদন হয়ে থাকে পাঁচ কোটি কেজির বেশি। মৌলভীবাজার জেলাতেই ৯৪ থেকে ৯৫ ভাগ চা উ ৎ পাদিত হয়ে থাকে। এই অঞ্চলে উ ৎ পাদিত চা এখন নিলামের জন্য চট্টগ্রামে পাঠানো হয়। একটি ট্রাকে ১০ মেট্রিক টন চা পরিবহন করা হলে এর জন্য প্রয়োজন হয় পাঁচ হাজার ট্রাকের। এতে ২০ হাজার টাকা ভাড়া হিসাবে প্রায় ১০ কোটি টাকা খরচ হচ্ছে পরিবহন খাতে। এ ছাড়া এ ট্রাকের জন্য রাষ্ট্রীয় ভর্তুকির প্রায় ১০ লাখ লিটার তেল জ্বালানি হিসেবে লাগে। সংবাদ সম্মেলনে বলা হয়, ব্রিটিশ আমলে বিদেশি ক্রেতাদের সুবিধার্থে চট্টগ্রামে চা-নিলাম কেন্দ্র স্থাপন করা হয়েছিল। কিন্তু বর্তমানে দেশের অভ্যন্তরীণ বাজারে চায়ের চাহিদা বৃদ্ধি পেয়েছে। দেশের ব্যবসায়ীরাই নিলাম বাজারের প্রধান ক্রেতা। বিগত বছরে কোনো আমদানিকারক আসেনি। অন্যদিকে দেশের অধিকাংশ চা-বাগানই পড়েছে মৌলভীবাজারসহ বৃহত্তর সিলেটে। দেশের ১৬৬টি চা-বাগানের মধ্যে বৃহত্তর সিলেটে ১৩৩টি চা-বাগান। এর মধ্যে মৌলভীবাজার জেলাতেই রয়েছে ৯২টি চা-বাগান। যে কারণে মৌলভীবাজারের শ্রীমঙ্গলকে বলা হয়ে থাকে চায়ের রাজধানী। ফলে এখন আর চায়ের উ ৎ পাদন কেন্দ্র থেকে অনেক দূরে চট্টগ্রামে নিয়ে চা-পাতা নিলাম করার কোনো যুক্তি নেই।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দ্য মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এ আহাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মৌলভীবাজার চেম্বারের সহসভাপতি মুহিবুর রহমান তরফদার ও আকবর আলী। উপস্থিত ছিলেন পরিচালক ইউসুফ আলী, হাবিবুর রহমান চৌধুরী, খয়রুজ্জামান শ্যামল, হাসান আহমদ জাবেদ, আতাউর রহমান, শওকত খান, নুরুল ইসলাম এলিট প্রমুখ। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, চট্টগ্রাম চেম্বার থেকে বলা হয়েছে, শ্রীমঙ্গলে নিলাম কেন্দ্র স্থাপিত হলে সরকার ১৮০ কোটি টাকার রাজস্ব ও ভ্যাট থেকে বঞ্চিত হবে। নেতারা বলেন, সিলেট বা মৌলভীবাজার সরকারের রাজস্ব ও ভ্যাট নীতির আওতার বাইরের কোনো অঞ্চল নয়। সরকারের রাজস্ব বা ভ্যাট হারানোর কোনো সুযোগ নেই। তা ছাড়া শ্রীমঙ্গলে ওয়্যারহাউস নেই বলা হয়েছে, এটাও ঠিক নয়। এখানে অনেক বাগানের নিজস্ব ওয়্যারহাউস আছে। নিলামের পর সেখান থেকেই ক্রেতারা সরাসরি চা নিতে পারবেন। আর নিলামকেন্দ্র স্থাপিত হলে খুব দ্রুতই ওয়্যারহাউসসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন হবে। চেম্বার সভাপতি এম এ আহাদ বলেন, ‘শ্রীমঙ্গলে চা-নিলামকেন্দ্র স্থাপন আমাদের ন্যায্য দাবি। আমরা কারও কাছ থেকে কিছু কেড়ে নিতে চাইছি না। এখন সবাই দেশের ক্রেতা। চট্টগ্রামের সমান্তরাল শ্রীমঙ্গলে চা-নিলামকেন্দ্র স্থাপিত হলে ক্রেতাদের যেখানে খুশি সেখান থেকে তাঁরা ক্রয় করতে পারবেন।’ চেম্বার সভাপতি অচিরেই এ জনদাবি বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রীয় অপচয় রোধের ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-নিলামকেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য কাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল মৌলভীবাজার সফর করবে বলে চেম্বার সূত্রে জানা গেছে।