শ্রীমঙ্গলে চা-বাগানে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চা-বাগানে গত বৃহস্পতিবারের সংঘর্ষের ঘটনায় শ্রীমঙ্গল থানায় দুটি মামলা হয়েছে। দুই মামলায় চা-বাগানের মালিকসহ উভয় পক্ষের শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেডের মালিকানাধীন এম আর খান চা-বাগানের পক্ষে মামলা করেছেন একই মালিকানাধীন নন্দরানী চা-বাগানের সহকারী ব্যবস্থাপক মো. শফিউল আলম। মোহাজেরাবাদ গ্রামবাসীর পক্ষে মামলা করেছেন মো. তাজুল ইসলাম। বিরোধপূর্ণ জমির গাছ কাটা নিয়ে চা-বাগানের লোকজনের সঙ্গে মোহাজেরাবাদ গ্রামবাসীর সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন আনসার সদস্য ও পাঁচজন গ্রামবাসী আহত হন। আহতদের মধ্যে চারজন গুলিবিদ্ধ হন। পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এম আর খান চা-বাগানের বিরোধপূর্ণ জমি থেকে মোহাজেরাবাদ গ্রামবাসী একটি বনাক গাছ কাটতে গেলে চা-বাগানের লোকজন বাধা দেন। বাধা উপেক্ষা করে গাছ কাটতে গেলে চা-বাগানের সহকারী ব্যবস্থাপক মো. শফিউল আলম চা-বাগানের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। এতে মোহাজেরাবাদ গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে তাঁদের ওপর হামলা চালায় এবং হুমায়ুন কবির (৩২) নামের একজন আনসার সদস্যকে ধরে নিয়ে যায়। বেলা দুইটার দিকে পুলিশ গুরুতর আহত অবস্থায় আনসার সদস্যকে মোহাজেরাবাদ গ্রাম থেকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, নালা গাঙের পাড়ে চা-বাগানের জমিতে আনারসের চাষ করা হয়েছে। একটি বনাক গাছ কাটা অবস্থায় পড়ে আছে। ৫০-৬০ জন গ্রামবাসী পাহাড়-টিলার খাদে, বনের আড়ালে এখানে-সেখানে বিক্ষিপ্তভাবে লুকিয়ে পাহারা দিচ্ছে। তাদের হাতে লাঠি, দা, বল্লমসহ আরও কিছু দেশি অস্ত্র। অপর দিকে একটু দূরে একই মালিকানাধীন নন্দরানী চা-বাগানের সীমানায় কিছু শ্রমিক ঘটনাস্থলের দিকে নজর রাখছেন। শ্রমিক এবং গ্রামবাসীর মধ্যে চাপা উত্তেজনা রয়েছে। চা-বাগানের শ্রমিকদের আশঙ্কা, এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীরা চা-বাগানে হামলা করতে পারে। চা-বাগান কর্তৃপক্ষ ওই জমি চা-বাগানের ইজারার অন্তর্ভুক্ত বলে দাবি করেছেন। গ্রামবাসীর দাবি, এই জমি চা-বাগানের ইজারার বাইরে। ঘটনাস্থলে ৫০-৬০ জনের সঙ্গে পাহারায় থাকা মোহাজেরাবাদ গ্রামের বাসিন্দা মো. ফারুক মিয়া বলেন, ‘জমির (বিরোধপূর্ণ) দেখভাল করেন তিনি। এই জমি চা-বাগানের নয়। জমির মালিক জনৈক শামসুল আলম। আনারসের বাগান সম্প্রসারণের প্রয়োজনে বন-জঙ্গল সাফ করা হচ্ছিল, গাছ কাটা হচ্ছিল। এ সময় চা-বাগানের ব্যবস্থাপক আনসার সদস্যদের নিয়ে এসে আমাদের ওপর গুলি করেন। গুলিতে জীবন মিয়া (৩০), মোস্তফা মিয়া (২০), বুলু বেগম (৩০) ও ইউনুছ মিয়া (৩০) আহত হয়েছেন। তাঁদের বাড়ি মোহাজেরাবাদ গ্রামে। আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’ সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেডের মহাব্যবস্থাপক জহুর আহমেদ চৌধুরী বলেন, ‘চা-বাগানের ইজারা নেওয়া প্রায় ৮৫ একর জমি মোহাজেরাবাদ গ্রামের লোকজন দখল করে রেখেছে। গত বৃহস্পতিবার ৫০-৬০ জন গ্রামবাসী আরও জমি দখলে নেওয়ার উদ্দেশ্যে গাছ কেটে বন-জঙ্গল সাফ করা শুরু করেছিল। বাগানের জমি রক্ষায় সহকারী ব্যবস্থাপক শফিউল আলম আনসার সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গেলে গ্রামবাসী তাঁদের ওপর হামলা চালায়। হামলাকারীরা একজন আনসার সদস্যকে ধরে নিয়ে যায়। এ সময় আনসাররা আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছোড়ে।’ শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনাস্থলে ছিলেন। তিনি বলেন, সহকারী ব্যবস্থাপক শফিউল আলম শটগান থেকে ১৫টি গুলি ছোঁড়েন। এ ছাড়া আনসার সদস্যরা রাইফেলের সাতটি ফাঁকা গুলি ছোড়েন। সাতটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। শটগানের গুলিতে মোহাজেরাবাদ গ্রামের চারজন আহত হয়েছেন। অপহূত আনসার সদস্যকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ বলেন, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষ বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুটি মামলা করেছে। দুই মামলায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮৫ জনকে আসামি করা হয়েছে।