শ্রীমঙ্গলে চা-বাগানের দুটি টিলায় আকস্মিক ফাটল
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর চা-বাগানের দুটি টিলায় আকস্মিক ফাটল দেখা দিয়েছে। স্থানীয় লোকজনের তথ্যমতে, ফাটলের বিস্তৃতি দক্ষিণ টিলা থেকে মণ্ডপ টিলা পর্যন্ত। প্রায় এক হাজার ফুট দীর্ঘ এ ফাটলের গভীরতা ছয় থেকে দশ হাত। ফাটলের ঘটনায় দক্ষিণ টিলায় বসবাসরত চা-বাগানের ২৫টি শ্রমিক পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন। গতকাল বৃহস্পতিবার শ্রীমঙ্গল উপজেলা কর্মকর্তা (ইউএনও) ফয়েজ আহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে তিনি বলেন, সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ একটি বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরানোর জন্য চা-বাগানের ব্যবস্থাপককে বলা হয়েছে। বিষয়টি মৌলভীবাজারের জেলা প্রশাসককে জানানো হয়েছে। এ প্রসঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাক আহমদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কোনো মৃদু ভূকম্পনে হয়তো ফাটলটি দেখা দিতে পারে। এ ছাড়া ওই এলাকায় ভূগর্ভে চ্যুতি থাকলেও হঠাৎ ফাটল দেখা দিতে পারে।’ তিনি শিগগিরই ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের দিয়ে স্থানটি জরিপ করানোর পরামর্শ দেন।মির্জাপুর চা-বাগানের শ্রমিকেরা জানান, গত ৩০ মার্চ শ্রীমঙ্গলে এ মৌসুমের প্রথম বৃষ্টিপাত হয়। পরদিন ভোরে তারা ফাটলটি লক্ষ করেন। যত দিন যাচ্ছে ফাটলের ব্যাপ্তিও বাড়ছে। ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মির্জাপুর চা-বাগানের বৌলাছড়া অংশে রসিদপুর গ্যাসক্ষেত্রের চার নম্বর কূপ রয়েছে। শ্রমিকদের ধারণা, মাটির নিচে গ্যাসের মজুদ থাকায় এমনটি হতে পারে।গতকাল ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, চা-বাগানের দক্ষিণ টিলায় বিষ্ণু লোহারের বাড়ির উঠোন, ঘরের পাকা মেঝে এবং দেয়াল ফেটে গেছে। উঠোনে ফাটলের প্রস্থ ছয় থেকে দশ ইঞ্চি। পাকা মেঝে ও দেয়ালে ফাটলে প্রস্থ তিন থেকে পাঁচ ইঞ্চি। বিষ্ণু লোহারের মা শিরতি লোহার (৬৭) জানান, এই চা-বাগানে প্রায় ৫০ বছর কাটিয়েছেন। এমন অবস্থা আর কখনো দেখেননি। দক্ষিণ টিলার ওপরে বাস করেন প্রহ্লাদ কর্মকার, ঊষা কর্মকার, প্রদীপ কর্মকার, বুদরাম কর্মকার, কার্তিক কর্মকার ও জ্যোস্না কর্মকারের পরিবার। তাঁদের অধিকাংশের বসতঘরের দেয়াল, মেঝে ও আঙিনা ফেটে গেছে। আকস্মিক ফাটলের ঘটনায় তাঁরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।মির্জাপুর চা-বাগানের দক্ষিণ টিলার পশ্চিমে মণ্ডপ টিলার অবস্থান। সেখানে দেখা গেছে, মণ্ডপের সীমানাপ্রাচীরের কিছু অংশ ফেটে গিয়ে প্রায় এক ইঞ্চি দেবে গেছে।মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ফিরোজ মিয়া বলেন, যেখানে চা-শ্রমিকদের জীবনের ঝুঁকি রয়েছে, সেখানে বিষয়টি নিয়ে হেলাফেলা করা উচিত নয়। মির্জাপুর চা-বাগানের ব্যবস্থাপক জয়ন্ত ধর প্রথম আলোকে বলেন, ‘ফাটলের কারণ নির্ণয় করা যায়নি। তবে আতঙ্কিত হওয়ার মতো এখনো কিছু ঘটেনি। বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।’