শ্রীমঙ্গলে চা-বাগানের পুকুর থেকে মায়াহরিণ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীমঙ্গলের লোকালয়ে মানুষের হাতে ধরা পড়া মায়াহরিণটি। ছবি: শিমুল তরফদার
শ্রীমঙ্গলের লোকালয়ে মানুষের হাতে ধরা পড়া মায়াহরিণটি। ছবি: শিমুল তরফদার

আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ভুরভুরিয়া চা-বাগানের জঙ্গল ও বাগানসংলগ্ন পুকুর থেকে একটি মায়াহরিণ উদ্ধার করেন স্থানীয় চার যুবক। পরে হরিণটিকে একটি বাড়িতে রেখে বন বিভাগের কাছে হস্তান্তর করেন তাঁরা।

উদ্ধারকারী যুবক প্রদীপ পার্শী প্রথম আলোকে বলেন, ‘সকালবেলা আমরা যখন পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন খতে পাই, পুকুরের কিনারে পানি ও কাদার ভেতর একটি হরিণ আটকে রয়েছে। পানি থেকে উঠতে পারছে না। সম্ভবত হরিণটি পুকুরে পানি খাওয়ার জন্য নেমেছিল। এ সময় স্থানীয় যুবক মিন্টু মৃধা, নন্দলাল হাজরা, সন্তুস রিকিয়াশনকে সঙ্গে নিয়ে পানিতে নেমে হরিণটিকে উদ্ধার করি।’

প্রদীপ পার্শী আরও বলেন, ‘হরিণটি বেশ শক্তিশালী থাকায় এটিকে উদ্ধার করতে আমাদের শরীরে আঘাত লাগে। পরে এটির গলায় দড়ি দিয়ে বেঁধে নিয়ন্ত্রণে আনি। এ সময় অনেক মানুষের সমাগম থাকায় তখনই হরিণটিকে না ছেড়ে মিন্টু মৃধার বাড়িতে নিয়ে এসে বন বিভাগ, বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের খবর দিই।’

মায়াহরিণটিকে উদ্ধার করে খাঁচায় আটকে রাখা হয়। ছবি: শিমুল তরফদার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয়ে মানুষের হাতে ধরা পড়ল মায়াহরিণ।
মায়াহরিণটিকে উদ্ধার করে খাঁচায় আটকে রাখা হয়। ছবি: শিমুল তরফদার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয়ে মানুষের হাতে ধরা পড়ল মায়াহরিণ।

এদিকে হরিণ উদ্ধার হওয়ার খবর পেয়ে বন বিভাগ, বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় মানুষের ভিড় জমে ওঠে। এ সময় প্রাণীটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বন বিভাগ হরিণটিকে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে যায়।

বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব প্রথম আলোকে বলেন, মানুষের সামনে আসার কারণে মায়াহরিণটি অনেক ভয় পেয়েছে। মায়াহরিণের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। মায়াহরিণ সাধারণ বনের গহিনে থাকে। রাতের বেলা খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে চা-বাগান কিংবা লোকালয়ের কাছাকাছি চলে আসে। আর এর কারণ খাদ্য ও বাসস্থানের অভাব। বন্য প্রাণীরা যদি লোকালয়ে চলে আসে, তাহলে তাদের আঘাত না করে বন বিভাগ বা বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে দ্রুত জানানোর অনুরোধ করেন তিনি।

বন বিভাগের রেঞ্জার ইমাম উদ্দিন প্রথম আলোকে বলেন, মায়াহরিণটিকে পরীক্ষা-নিরীক্ষা করে শিগগিরই আবার বনে ছেড়ে দেওয়া হবে।