শ্রীমঙ্গলে চা-বাগানের সাত লাখ ৩১ হাজার টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে চা-বাগানের একটি জিপ (মৌলভীবাজার ঘ-১১-০০৬৯) আটকিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি হওয়ার এক ঘণ্টার মধ্যে শ্রীমঙ্গল থানার পুলিশ হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রাম থেকে ডাকাতির কাজে ব্যবহূত একটি প্রাইভেট কারসহ (ঢাকা মেট্রো-গ-২৫-২৩৭১) চারজনকে গ্রেপ্তার এবং পাঁচ লাখ ৮১ হাজার টাকা উদ্ধার করেছে। তবে মোটরসাইকেল আরোহী তাদের অপর দুই সদস্য পালিয়ে গেছে।গ্রেপ্তারকৃতরা হলেন নেত্রকোনার মদন উপজেলার বড়হাটি গ্রামের জাহাঙ্গীর আলম (৩৫), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলী গ্রামের মো, হুমায়ুন কবীর (২০), হবিগঞ্জের মাধবপুর উপজেলার দেবপুর গ্রামের শাফায়েত আলী (৩০) ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারোপা গ্রামের মো. জামাল (২৭)। জানা গেছে, জেমস্ ফিনলে টি কোম্পানির আমরাইছড়া, গান্ধিছড়া ও হুগলিছড়া চা-বাগানের প্রায় এক হাজার ৬০০ শ্রমিকের সাপ্তাহিক মজুরির সাত লাখ ৩১ হাজার টাকা নিয়ে হুগলিছড়া চা-বাগানের ব্যবস্থাপক আমজাদ হোসেন ও কারখানার প্রধান করণিক মতিউর রহমান চৌধুরী জিপযোগে চা-বাগানে ফিরছিলেন। সপ্তাহের প্রতি বুধবার বিকেলে শ্রমিকদের সাপ্তাহিক মজুরি পরিশোধ করা হয়। হুগলিছড়া চা-বাগানের ব্যবস্থাপক আমজাদ হোসেন জানান, এবি ব্যাংক শ্রীমঙ্গল শাখা থেকে সাত লাখ ৩১ হাজার টাকা উত্তোলন করে চা-বাগানে ফেরার পথে দুপুর দেড়টার দিকে উপজেলার পূর্ব লৈয়ারকুল গ্রামের কাছে পৌঁছার পর পেছন থেকে একটি প্রাইভেট কার ‘ওভারটেক’ করে তাঁদের গাড়ির গতি রোধ করে। চারজন যুবক নিজেদের র‌্যাবের লোক পরিচয় দিয়ে তাকে মারধর শুরু করে। এ সময় তিনি দৌড়ে পালিয়ে গিয়ে মুঠোফোনে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানান। গাড়িতে থাকা করণিক মতিউর রহমান চৌধুরীকে টাকার ব্যাগসহ যুবকেরা তাদের গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায়। তাদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে আরও দুই যুবক ছিল।মতিউর রহমান চৌধুরী বলেন, যুবকেরা তাঁকে কিলঘুষি মেরে জিপ থেকে টানা-হ্যাঁচড়া করে নামিয়ে তাদের কারে ওঠায়। যুবকদের সঙ্গে হাতকড়া ছিল। গাড়িতে তোলার পর যুবকদের একজন মুঠোফোনে অন্য একটি নম্বরে ফোন করে বলে ‘স্যার, অপারেশন সাকসেস্ফুল। একজন আসামিকে ধরে নিয়ে আসছি।’ শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে। মৌলভীবাজারের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে শ্রীমঙ্গল থানায় এসে আসামিদের জিজ্ঞাসাবাদ করছেন। মোটরসাইকেল আরোহী দুজনসহ অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে তিনি সাংবাদিকদের জানান।