শ্রীমঙ্গলে চা-শ্রমিকের বস্তাবন্দী লাশ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া চা-বাগান থেকে গত বুধবার রাতে পুলিশ দয়াল কুর্মীর (২৪) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে। দয়াল কুর্মী গত ২৪ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন।শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, চা-বাগান কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে বুধবার রাত সাড়ে সাতটার দিকে লাখাইছড়া চা-বাগানের ২ নম্বর সেকশনের রাবার বাগান থেকে দয়ালের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি বস্তার মধ্যে অনেকটা বিকৃত অবস্থায় পাওয়া গেছে।এসআই আরও বলেন, বাগানের ব্যবস্থাপকের বাসভবনের চৌকিদার (প্রহরী) হাগরু ভূঁইয়া দয়ালকে খুন করেছেন বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে। হাগরু গত শুক্রবার থেকে বাগানের কাজে যাচ্ছেন না। তাঁকে বুধবার বিকেলে শিশিলবাড়ী চা-বাগান এলাকায় ঘুরতে দেখা গেছে।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ বলেন, ময়নাতদন্তের জন্য বুধবার রাতে লাশ মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দয়ালের স্ত্রী যশোদা কুর্মী শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা করেছেন।