শ্রীমঙ্গলে চার গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের শমশেরগঞ্জ বাজারে গত রোববার রাতে চারটি গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। প্রায় আড়াই ঘণ্টার ওই সংঘর্ষের সময় ২৯টি দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। দ্রুতগামী একটি অটোরিকশার ছিটানো কাদা-পানি শমশেরগঞ্জ বাজারের একটি ইফতারির দোকানে পড়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত বলে জানা গেছে।গতকাল সোমবার দুপুরে শমশেরগঞ্জ বাজারের ব্যবসায়ী রহমত মিয়া, মদরিছ মিয়া, নায়েব আলী, শাহজাহান মিয়া, আশরব আলীসহ আরও কয়েকজন জানান, রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি অটোরিকশা দ্রুতগতিতে রাস্তা দিয়ে যাওয়ার সময় কাদা-পানি ছিটকে শামীম মিয়ার ইফতারির দোকানে পড়ে ইফতারসামগ্রী নষ্ট হয়। বাজারের কয়েকজন ব্যবসায়ী ওই অটোরিকশাটি আটক করেন। এ সময় অটোরিকশাচালকের সঙ্গে শামীম মিয়ার বাগিবতণ্ডা হয়। পরে অটোরিকশাস্ট্যান্ডের ব্যবস্থাপক সুহেল মিয়া ও তাঁর চাচা মতিন মিয়া এসে ঘটনার মীমাংসা না করে উত্তেজনা আরও বাড়িয়ে দেন।ব্যবসায়ীদের অভিযোগ, ইফতারের পর সন্ধ্যা সাতটার দিকে সুহেল মিয়া ও মতিন মিয়ার নেতৃত্বে মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা, বিন্নিগ্রাম ও শেরেরইজরা গ্রামের আড়াই শতাধিক লোক লাঠি, দা নিয়ে শমশেরগঞ্জ বাজারে হামলা চালায়। জানা যায়, শমশেরগঞ্জ বাজারের অধিকাংশ ব্যবসায়ীর বাড়ি শ্রীমঙ্গলের সুহিলপুর গ্রামে হওয়ায় সুহিলপুর গ্রামের বাসিন্দারাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষই প্রতিপক্ষের ওপর লাঠি ও দা নিয়ে হামলা করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। তাঁদের ১৪ জনকে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত শমশেরগঞ্জ বাজারের ঝাড়ুদার তাহেরা খাতুনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ গতকাল দুপুরে বলেন, বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।