শ্রীমঙ্গলে চায়ের নিলাম কেন্দ্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনের হুমকি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চায়ের দ্বিতীয় নিলাম কেন্দ্র প্রতিষ্ঠার দাবিতে গতকাল রোববার দুপুরে উপজেলার পৌর এলাকার চৌমোহনায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্র বাস্তবায়ন পরিষদের ডাকে এ কর্মসূচি পালিত হয়। দাবি বাস্তবায়িত না হলে পরবর্তী সময়ে কঠোর আন্দোলন শুরু করা হবে বলে সমাবেশ থেকে হুমকি দেওয়া হয়।গতকাল দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে ছাত্র-শিক্ষক, চা-বাগান মালিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা ও কর্মীরা অংশ নেন। এ সময় শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্র বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ লুৎফুর রহমানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মো. মহসিন মিয়া, আজম জে চৌধুরী, এম এ আহাদ, সাইয়্যিদ মুজীবুর রহমান, এম এ মনির, অর্ধেন্দু কুমার দেব, সৈয়দ মনসুরুল হক প্রমুখ।ফিনলে চায়ের চেয়ারম্যান আজম জে চৌধুরী বলেন, সরকার শ্রীমঙ্গলে চায়ের দ্বিতীয় নিলাম কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নিলেও কিছু লোক এর বিরোধিতা করছে। এ দাবি শুধু শ্রীমঙ্গলবাসীর নয়, পুরো সিলেটবাসীর।মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি এম এ আহাদ বলেন, ‘৯৪ ভাগ চা সিলেটে উৎপাদিত হয়। আমরা চট্টগ্রামের নিলাম কেন্দ্র বন্ধ করে শ্রীমঙ্গলে করার দাবি করছি না। কিন্তু এর পরও চট্টগ্রামের কিছু ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা আমাদের যৌক্তিক দাবির বিরোধিতা করছেন। তাঁদের বিরোধিতায় আমাদের দাবি পূরণ না হলে এক ট্রাক চা-ও চট্টগ্রামে যেতে দেওয়া হবে না।’পরিষদের আহ্বায়ক শেখ লুৎফুর রহমান বলেন, ‘এ দাবি উপেক্ষিত হলে সিলেটের চার জেলায় আন্দোলন গড়ে তোলা হবে। কঠোর কর্মসূচির মাধ্যমে অধিকার আদায় করে নেওয়া হবে।’