শ্রীমঙ্গলে ছাত্রদলের দুই নেতার ওপর হামলা, হাজি মুজিব অবাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে ছাত্রদলের দুই নেতার ওপর হামলা হয়েছে। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরীকে (হাজি মুজিব) স্থানীয় বিএনপির একটি পক্ষ অবাঞ্ছিত ঘোষণা করেছে। অপর পক্ষ এর নিন্দা জানিয়ে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে।স্থানীয় সূত্র জানায়, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান-সমর্থিত ছাত্রদলের শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন গত শনিবার রাতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন। উপজেলা সদর থেকে সিরাজনগর গ্রামে বাড়িতে ফেরার পথে হাউজিং এস্টেট এলাকায় তাঁর ওপর হামলা হয়। তিনি বর্তমানে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় গতকাল সোমবার পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীর নাম উল্লেখ করে সৈয়দ আবু জাফর সালাউদ্দিন কয়েক দিন আগে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এর আগে মুজিবুর রহমান-সমর্থিত ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজাদুর রহমান গত ২৩ জুন রাতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। ওই হামলার ঘটনায় জেলা আদালতে মামলা হয়েছে।সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের ওপর হামলার প্রতিবাদে এম নাসের রহমান-সমর্থিত বিএনপির অংশটির উদ্যোগে পৌর এলাকার কলেজ সড়কের একটি কমিউনিটি সেন্টারে গত শনিবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশে মুজিবুর রহমান চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং মেয়র মো. আহাদ মিয়াকে আগামী নির্বাচনে দলের প্রার্থী দেওয়ার দাবি জানানো হয়। এ ব্যাপারে জানতে চাইলে এম নাসের রহমান-সমর্থিত শ্রীমঙ্গল উপজেলা কমিটির সভাপতি মো. আবদুল হাই জানান, মুজিবের নানামুখী অপকর্মের চিত্র তুলে ধরে দলের ইউনিয়ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। দলীয় ভাবমূর্তি নষ্ট করায় এবং তৃণমূল কর্মীদের চাপে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।এদিকে, মুজিবুর রহমান চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণার নিন্দা জানিয়ে বিএনপির অপর অংশ ওই দিন সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে। এতে দলের ওই অংশের উপজেলা কমিটির সভাপতি মো. আতাউর রহমানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মুজিবুর রহমান-সমর্থিত বিএনপি শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী বলেন, ‘হাজি মুজিবের সাংগঠনিক দক্ষতায় শ্রীমঙ্গলে বিএনপি শক্তিশালী হচ্ছে। এটা ষড়যন্ত্রকারীরা মেনে নিতে পারছে না। ষড়যন্ত্রকারীরা একটি বিশেষ গোষ্ঠীর সহায়তায় মূলধারার বিএনপিকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালাছে।’দলীয় সূত্র জানায়, বিএনপির শ্রীমঙ্গল উপজেলা কমিটিতে গত সংসদ নির্বাচনের সময় বিভক্তি দেখা দেয়। জেলা কমিটিতে বিভক্তি থাকায় ঐক্যের জন্য বিভিন্ন সময়ে গৃহীত উদ্যোগ ব্যাহত হয়।