শ্রীমঙ্গলে জমি নিয়ে সংঘর্ষ, আহত ৩০
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গতকাল শনিবার জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। উপজেলার ভূনবীর ইউনিয়নের লৈয়ারকুল গ্রামে এ সংঘর্ষ হয়। আহতদের ১২ জনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, লৈয়ারকুল গ্রামের কাছে মহসিন স মিলসংলগ্ন জমির সীমানা চিহ্নিত করা নিয়ে গ্রামের নানু মিয়ার সঙ্গে ভূনবীর দশরথ উচ্চবিদ্যালয়ের শিক্ষক রাশেদা বেগমের পরিবারের বিরোধ চলছিল। রাশেদা বেগম গতকাল দুপুরে শ্রীমঙ্গল থানায় অভিযোগ করেন নানু মিয়ার লোকজন তাঁর জমি দখল করে নিচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতিতেই দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।শ্রীমঙ্গল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাহাঙ্গীর জানান, সংঘর্ষ থামাতে গিয়ে ইটের আঘাতে তিনি এবং কনস্টেবল আবুল হোসেন, আবদুল কাইয়ুম ও পুলিশের গাড়িচালক মাহবুব আলম আহত হন। এ ছাড়া আহত আলী আক্কাস (৫০), আবদাল মিয়া (৪০), ফুল মিয়া (৬০), মাহমুদা খাতুন (৪৮), সুফি মিয়া (৬), হুমায়ুন কবির (৩১), আলী আহমেদ (১৭), মো. আলাউদ্দিন (২৪), শামসু মিয়া (১৩), মনু মিয়া (৪০), আবদুশ শহীদ ও মন্নাফ মিয়াকে (৩৫) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চার পুলিশ সদস্য ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।এ ব্যাপারে রাশেদা বেগম বলেন, গতকাল সকাল থেকে নানু মিয়া শতাধিক লোক নিয়ে তাঁদের জমিতে লাগানো কিছু গাছ কেটে ফেলেন এবং বেড়া দিতে থাকেন। তিনি স্কুল থেকে ফিরে এসব দেখে থানায় গিয়ে অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষ উত্তেজিত হয়ে তাদের ওপর হামলা করে।নানু মিয়া বলেন, গত ১৮ মে উভয় পক্ষের উপস্থিতিতে জমি নিয়ে বিরোধের নিষ্পত্তি হয়। তাই তাঁরা জমির সীমানা চিহ্নিত করে বেড়া দিচ্ছিলেন। রাশেদা বেগমের পরিবার জোর করে তাঁদের তিন শতক জমি দখলে রেখেছেন বলে দাবি করেন তিনি। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ্ জানান, চাপা উত্তেজনা থাকলেও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই গতকাল সন্ধ্যা পর্যন্ত মামলা করেনি। পুলিশ আহত হওয়ার ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ব্যবস্থা নেওয়া হবে।