শ্রীমঙ্গলে ডাকাতির অভিযোগে দুজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভীমসি গ্রামে গত বুধবার রাতে ব্যাংক কর্মকর্তা বিধান চন্দ্র আচার্যের বাড়িতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। ডাকাতদের হামলায় গ্রামবাসীসহ পাঁচজন আহত হয়েছে। গ্রামবাসী দুই ডাকাতকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।আহত ব্যক্তিরা হলেন গৃহকর্তা বিধান চন্দ্র আচার্য (৪৫), তাঁর স্ত্রী স্বপ্না আচার্য (৩৬), এলাকাবাসী ক্ষীরো দাশ (৪২), অমরি দাশ (২৯) ও শ্রীকান্ত (২১) এবং গণপিটুনির শিকার নূর আলম (২৫) ও মালেক মিয়া (২১)। বিধান চন্দ্র জানান, বুধবার রাত তিনটার দিকে ১৫-১৬ জনের মুখোশধারী ডাকাত দল দা, বল্লম, রড, শাবল প্রভৃতি নিয়ে তাঁর বাড়িতে হানা দেয়। ডাকাতেরা টিনের বেড়া কেটে ঘরে ঢুকে তাঁদের মারধর করে একটি আংটি ও একটি কানের দুল ছিনিয়ে নেয়। এ সময় তাঁদের চিত্কারে গ্রামবাসী চারদিক থেকে ডাকাতদের ঘিরে ফেলে। পালানোর সময় ডাকাতদের দায়ের কোপে তিন গ্রামবাসী আহত হয়। তবে গ্রামবাসী ধাওয়া করে দুই ডাকাতকে আটক করে।