শ্রীমঙ্গলে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকার বিভিন্ন সড়ক ও ফুটপাত থেকে তিন শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শ্রীমঙ্গল পৌরসভার নতুন বাজার, পুরান বাজার, সেন্ট্রাল রোড, হবিগঞ্জ রোড, ভানুগাছ রোড, স্টেশন রোড, পোস্ট অফিস রোডসহ শহরের বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক ও ফুটপাতের ওপর গড়ে ওঠা কাঁচাবাজার, বিভিন্ন পণ্য, ফুটপাতে রাখা বিভিন্ন দোকানের মালামালসহ তিন শতাধিক অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করা হয়। এ ছাড়া সড়কের ওপর গড়ে ওঠা সিএনজিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ডও উচ্ছেদ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল হক।
ইউএনও শহীদুল হক বলেন, ‘অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে বোঝাই যেত না রাস্তাগুলোর পাশে কতটা জায়গা আছে। শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।’