মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাতগাঁও টি-কোম্পানির তিনটি চা-বাগানের শ্রমিকেরা গতকাল বুধবার ধর্মঘট করেছেন। কোম্পানির ইছামতী চা-বাগানের শ্রমিক অরুণ গঞ্জুর তৈরি একটি আধা পাকা ঘর ভাঙার প্রতিবাদে ওই কোম্পানির সাতগাঁও, ইছামতী ও মাকড়িয়াছাড়া চা-বাগানের শ্রমিকেরা ধর্মঘট করেন। গতকাল দুপুরে সাতগাঁও চা-বাগানে গিয়ে দেখা গেছে, তিনটি চা-বাগানের প্রায় পাঁচ হাজার শ্রমিক সাতগাঁও চা-বাগানের কারখানায় কোম্পানির প্রধান ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। শ্রমিকেরা অরুণ গঞ্জুর ঘর ভাঙার প্রতিবাদে থেমে থেমে স্লোগান দিচ্ছেন। বেলা তিনটার দিকে সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রঘুনাথ দেব, শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন সরদার ও চা-শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সীতারাম অলমিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনরত শ্রমিক এবং চা-বাগানের প্রধান ব্যবস্থাপকের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি শান্ত করেন। চা-বাগান কর্তৃপক্ষ এবং আন্দোলনরত শ্রমিকেরা জানান, গত বছরের নভেম্বর মাসে অরুণ ইছামতী চা বাগানে বংশপরম্পরায় যেখানে বসবাস করতেন, সেখানে একটি আধা পাকা ঘর তৈরি করেন। ঘর তৈরির অপরাধে চা-বাগান কর্তৃপক্ষ অরুণ ও তাঁর বউদি (ভাবি) শুকধা গঞ্জুকে চা-বাগানের শ্রমিকের কাজ থেকে বরখাস্ত করেন। কোম্পানির জমিতে অবৈধভাবে ঘর তৈরির অভিযোগে অরুণের বিরুদ্ধে চা-বাগান কর্তৃপক্ষ আদালতে একটি মামলা করে। আদালতের রায় নিয়ে ৬ নভেম্বর সকালে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আশফাকুল হক চৌধুরীর উপস্থিতিতে অরুণের ঘরটি চা-বাগান কর্তৃপক্ষ ভেঙে দেয়। এ ঘটনায় সাতগাঁও টি কোম্পানির তিনটি চা-বাগানের সাধারণ শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অরুণ গঞ্জুর অভিযোগ, তাঁরা দুই পুরুষ ধরে ইছামতী চা-বাগানের ওই জমিতে বসবাস করছেন। আইন অনুযায়ী, চা-বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের ঘর তৈরি ও মেরামত করে দেওয়ার কথা থাকলেও দিচ্ছে না। পরিবারের লোকসংখ্যা বেড়ে যাওয়ায় গত বছরের নভেম্বরে তিনি একটি আধা পাকা ঘর নির্মাণ করেন। কিন্তু ঘর নির্মাণের কারণে তিনি ও তাঁর বউদি শুকধাকে ছাঁটাই করে দেওয়া হয়। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সাতগাঁও চা কোম্পানির একজন সহকারী ব্যবস্থাপক অরুণের অভিযোগ অস্বীকার করে বলেন, অরুণ তাঁদের চা-বাগানের শ্রমিক নন। তিনি বহিরাগত। শুকধা গঞ্জু আগে ইছামতী চা-বাগানের নিবন্ধিত শ্রমিক ছিলেন। চা-বাগানের আইন অমান্য করায় শুকধাকে কর্তৃপক্ষ ছাঁটাই করে। চা-শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সীতারাম অলমিক প্রথম আলোকে বলেন, ‘বাগান কর্তৃপক্ষ শ্রমিক ইউনিয়ন ও পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বিষয়টি নিষ্পত্তি করতে পারতেন। কিন্তু তা না করে আইনের আশ্রয় নিয়ে বহিরাগত কিছু লোক দিয়ে অরুণের ঘরটি ভেঙে সাধারণ শ্রমিকদের আন্দোলনের দিকে ঠেলে দিয়েছেন।’ সাতগাঁও টি কোম্পানির প্রধান ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম ধর্মঘটের কথা স্বীকার করে বলেন, তিনটি চা-বাগানের ৯৩৪ জন নিবন্ধিত এবং আরও প্রায় এক হাজার অনিয়মিত শ্রমিক বুধবার (গতকাল) কাজে যোগ দেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, আইন অনুযায়ী কাজ না করলে চা-বাগান রক্ষা করা যাবে না। আইনের বাইরে কিছু করা হয়নি। সাতগাঁও ইউপি রঘুনাথ দেব প্রথম আলোকে বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে চা-বাগান কর্তৃপক্ষ, আন্দোলনরত সাধারণ শ্রমিক এবং চা-শ্রমিক ইউনিয়নের সঙ্গে বৈঠক করে আপাতত শ্রমিকদের শান্ত করা গেছে। ১১ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেবের উপস্থিতিতে বিষয়টির একটি গ্রহণযোগ্য নিষ্পত্তি করা হবে। শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন সরদার গতকাল বিকেলে বলেন, সাধারণ শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা থাকলেও পরিস্থিতি এখন শান্ত।