শ্রীমঙ্গলে তেলবাহী ট্যাংকারের ইঞ্জিন লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-ঢাকা রেললাইনের মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় একটি তেলবাহী ট্যাংকারের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ইঞ্জিনটি লাইনচ্যুত হয়।
সকাল সাড়ে নয়টার দিকে ইঞ্জিনটি উদ্ধার করা হলে পাঁচ ঘণ্টা পর ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সিলেট-ঢাকা রেললাইনের আখাউড়া-সিলেট সেকশনের শ্রীমঙ্গলের সাতগাঁও-রশিদপুরের মধ্যবর্তী এলাকায় তেলবাহী ট্যাংকারটির ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে এ পথে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে কুলাউড়া রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে ইঞ্জিনটি উদ্ধার করে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জ জংশনে আটকা পড়ে।
শ্রীমঙ্গল স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার শাখাওয়াত হোসেন বলেন, ইঞ্জিন লাইনচ্যুতির সময় লাইনে তেমন গাড়ি ছিল না। শুধু উদয়ন এক্সপ্রেস কিছু সময় শায়েস্তাগঞ্জ স্টেশনে আটকে ছিল। ইঞ্জিন উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।