শ্রীমঙ্গলে দুই পরিবারের সংঘর্ষ, একজন নিহত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই পরিবারের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার বিকেলে উপজেলার পাত্রীকুল গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, পাত্রীকুল গ্রামের সুরুজ মিয়ার সঙ্গে প্রতিবেশী উরপু মিয়ার বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে আদালতে মামলা রয়েছে। সোমবার বিকেলে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আজিদ মিয়া (৩৫), সায়েল মিয়া (১৭), কুসুম বিবি (৪০) ও আহমদ মিয়া (৩০) আহত হন। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে আজিদ মারা যান। শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ঘটনায় জড়িত সন্দেহে রকিব মিয়াকে (২৫) আটক করা হয়েছে।