শ্রীমঙ্গলে দুই বাঁধে বন্ধ গোপলার গতিপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার গোপলা নদীতে দুই দিকে বাঁধ দিয়ে স্বাভাবিক গতিপথ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি পৈতৃক সম্পত্তি দাবি করে বাঁধ দিয়ে নদীর ওই জায়গা থেকে তিন একর জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড় থেকে গোপলা নদীর উৎপত্তি। শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রাম দিয়ে লাংলিয়াছড়া নামে এ নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে। নদীটি আশীদ্রোণ ইউনিয়নে দুই ভাগে ভাগ হয়ে এর একটি শাখা উদনাছড়া নামে এবং অপর শাখা লাংলিয়াছড়া নামে প্রবাহিত হয়ে হরিণাকান্দি গ্রামের কাছে মিলিত হয়। মিলিত স্রোতধারা বিলাস নদ নামে মতিগঞ্জ বাজার অতিক্রম করে হাইল হাওরের দিকে প্রবাহিত হয়েছে। পরে গোপলা নাম ধারণ করে হাইল হাওরের ওপর দিয়ে এ নদটি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদরঘাট এলাকায় বিজনা নদীর সঙ্গে মিশেছে। প্রায় ২০ কিলোমিটার প্রবহমান নদীটি উপজেলার পাঁচটি ইউনিয়নের দেড় শতাধিক গ্রামের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। ফলে নদীটি উপজেলার কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ভূমিকা আরও বাড়াতে মতিগঞ্জ বাজারের কাছে নদীর প্রায় ২০০ গজ ভাটিতে চার কোটি ১৬ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে একটি রাবার বাঁধ প্রকল্পেরও কাজ চলছে। রোববার সরেজমিনে দেখা গেছে, হাইল হাওরের ডুমুরিয়া বিল ও ধলিডোবা বিলের অদূরে গোপলা নদীর এপার-ওপারে পৃথক দুটি বাঁধ দেওয়া হয়েছে। সেচযন্ত্র দিয়ে দুই বাঁধের মাঝখানের আটকানো পানি বের করে দেওয়া হচ্ছে। দুটি খননযন্ত্র দিয়ে পাড় ভরাটসহ আনুষঙ্গিক কাজ করা হচ্ছে। প্রথম বাঁধের উজানে নদী পানিতে টইটম্বুর। দ্বিতীয় বাঁধের ভাটিতে নদী পানিশূন্য হয়ে পড়েছে।খননযন্ত্রের চালক মিজানুর রহমান জানান, কয়েকদিন ধরে কাজ করে তাঁরা আশপাশের জমির মাটি কেটে নদীতে বাঁধ দিয়েছেন। তাঁর ভাষ্যমতে, নদীটি মতিগঞ্জের জনৈক মো. কাদির মিয়ার জমির ওপর দিয়ে গেছে। কাদিরের ছেলে বেলাল আহমদ তাঁর পৈতৃক জমি নদী থেকে উদ্ধার করছেন।এলাকাবাসী জানায়, উপজেলার মতিগঞ্জ বাজার থেকে আধা কিলোমিটার ভাটিতে ১৫ থেকে ১৬ বছর আগে গোপলা নদী গতিপথ পরিবর্তন করে নতুন এই গতিপথে প্রবাহিত হয়। পুরোনো গতিপথটি ‘মরা গোপলায়’ পরিণত হয়েছে। আশপাশের জমির মালিকেরা পুরোনো গতিপথের প্রায় সবটাই নিজেদের দখলে নিয়ে নেন। ‘মরা গোপলা’য় অবৈধভাবে বেশ কয়েকটি মাছের খামার গড়ে উঠেছে।ডিগাপাড়া গ্রামের প্রতাপ সরকার বলেন, ‘পুরান গাঙ (নদীর পুরোনো গতিপথ) বন্ধ। অখন নতুন গাঙও বন্ধ অইছে (হয়েছে)। গাঙ (নদী) কোনদিকে যাইব ইতা (এটা) সরকারে জানে। আমরার চাষোর লাগি (জন্য) পানির দরকার।’মতিগঞ্জ গ্রামের মনীন্দ্র সরকার, আলতা মিয়াসহ কয়েকজন জানালেন, এখন নদী শান্ত। সামনে বর্ষা মৌসুম। পানি যাওয়ার পথ বন্ধ করায় উজানের মানুষ বন্যায় আর ভাটির মানুষ পানির অভাবে ভোগান্তিতে পড়বে। প্রবহমান নদীতে বাঁধ দেওয়ার বিষয়ে জানতে চাইলে বেলাল আহমদ দাবি করেন, ‘প্রকৃত নদীর গতিপথ আরও দক্ষিণে। এখানে ১৮ একর জমি আমার পৈতৃক সম্পত্তি। এ জমি এত দিন পতিত ছিল। এখন আবাদ করব। এখানে মাছের খামার করব।’ বেলাল আহমদের দাবি, পৈতৃক জমির তিন একর নদীতে বিলীন হয়ে গেছে। এখন তিনি চলমান নদীর দুই প্রান্তে বাঁধ দিয়ে ওই তিন একর জমি উদ্ধার করছেন।পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নজীর আহম্মদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পৈতৃক জমি দাবি করে প্রবহমান নদীতে কেউ বাঁধ দিতে পারে না। নদী যে জমির ওপর দিয়ে প্রবাহিত হয়, ওই জমিতে নদীর অধিকার জন্মায়।’ শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশফাকুল হক চৌধুরী বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।’