শ্রীমঙ্গলে দুটি চা-বাগানে শ্রমিক ধর্মঘট অব্যাহত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফিনলে চা কোম্পানির জাগছড়া ও সোনাছড়া চা-বাগানের প্রায় এক হাজার ৩০০ জন শ্রমিক দ্বিতীয় দিনেও ধর্মঘট অব্যাহত রেখেছেন। গত মঙ্গলবার সকাল থেকে এ দুটি চা-বাগানের শ্রমিকেরা কাজে যোগ দিচ্ছেন না। শ্রমিকদের অভিযোগ, জাগছড়া চা-বাগানের বিদ্যুৎ বিভাগের শ্রমিক পরেশ কালিন্দিকে সহকারী ব্যবস্থাপকের বাংলোয় বদলির প্রতিবাদে শ্রমিকেরা ধর্মঘট করছেন। অন্যদিকে বাগান কর্তৃপক্ষের অভিযোগ, প্রতি মাসে ২৫ হাজার টাকা চাঁদা না দেওয়ায় কিছুসংখ্যক শ্রমিক সাধারণ শ্রমিকদের উসকিয়ে দিয়ে ধর্মঘটে যেতে বাধ্য করেছেন। একই কারণে মঙ্গলবার সকালে শ্রমিকদের একটি অংশ জাগছড়া চা-বাগানের সহকারী ব্যবস্থাপক গোলাম ফারুকের বাসভবনে হামলা ও ভাঙচুর করে।জানা গেছে, পরেশ কালিন্দি জাগছড়া চা-বাগানে বিদ্যুৎ বিভাগে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তাঁকে সম্প্রতি ওই চা-বাগানের সহকারী ব্যবস্থাপক গোলাম ফারুকের বাংলোয় জ্বালানি কাঠ কাটার কাজে বদলি করা হয়। পরেশ কালিন্দি বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটির অর্থবিষয়ক সম্পাদক এবং উপজেলার কালীঘাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য।চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটি সূত্রে জানা গেছে, পরেশ কালিন্দিকে বিদ্যুৎ বিভাগ থেকে বদলি করে একজন সহকারী ব্যবস্থাপকের বাংলোয় সাধারণ শ্রমিকের কাজে যোগ দেওয়ার আদেশ দেওয়ায় সাধারণ শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটির অর্থবিষয়ক সম্পাদক পরেশ কালিন্দি মুঠোফোনে বলেন, ‘সহকারী ব্যবস্থাপকের বাসভবনে হামলার ঘটনাটি কর্তৃপক্ষের সাজানো। গত মঙ্গলবার শ্রমিকেরা চা-কারখানার সামনে অবস্থান করে শুধু বিক্ষোভ করেছে।’ ২৫ হাজার টাকা চাঁদা দাবির বিষয়টিও তিনি অস্বীকার করেন। শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, ‘৪৮ টাকা মজুরির স্থলে শ্রমিকদের ৩৫ টাকা প্রদান এবং শ্রমিকদের বসবাসের ঘর মেরামত না করে দেওয়ায় জাগছড়া চা-বাগানের সহকারী ব্যবস্থাপক গোলাম ফারুকের ওপর সাধারণ শ্রমিকেরা বহু দিন থেকে ক্ষুব্ধ।’ শ্রমিক নেতা শিউধনী কুর্মী বলেন, ‘জাগছড়া চা-বাগানের সহকারী ব্যবস্থাপক গোলাম ফারুকের অপসারণ এবং পরেশকে আগের কাজে ফিরিয়ে আনা না হলে শ্রমিকেরা ধর্মঘট চালিয়ে যাবেন।’