মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া ও সোনাছড়া চা-বাগানের শ্রমিকেরা গতকাল সোমবার ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন। গত রোববার উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রিপক্ষীয় বৈঠকে ফিনলে কর্তৃপক্ষ জাগছড়ার সহকারী ব্যবস্থাপক গোলাম ফারুককে প্রত্যাহারে সম্মত হলে উপস্থিত শ্রমিকনেতারা কাজে যোগ দেবেন বলে জানিয়েছিলেন। রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।ফিনলের ভাড়াউড়া অঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) এস এম তাহের ও উপমহাব্যবস্থাপক গোলাম মোহাম্মদ শিবলী, জাগছড়া চা-বাগানের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জাভেদ আশরাফ, বালিশিরা অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সাজ্জাদ সারওয়ার, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মনির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা কৃষ্ণলাল কালোয়ার ও আহ্বায়ক বিজয় বুনারজি, কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, জাগছড়ার শ্রমিকনেতা কার্তিক নায়েক, সেলিম মিয়া ও দুই চা-বাগানের দুই শতাধিক সাধারণ শ্রমিক বৈঠকে যোগ দেন।বৈঠকে শ্রমিকনেতারা তাঁদের বক্তব্যে জাগছড়ার সহকারী ব্যবস্থাপক গোলাম ফারুকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও শ্রমিক-নির্যাতনের অভিযোগ এনে তাঁকে প্রত্যাহার এবং শ্রমিকদের বিরুদ্ধে করা মামলাটি তুলে নেওয়ার দাবি জানান। জাগছড়ার শ্রমিকনেতা রামদাস ভূঁইয়া বলেন, রোববার রাতে জাগছড়ার সহকারী ব্যবস্থাপক গোলাম ফারুক বাগান ছেড়ে চলে গেছেন। তাই ধর্মঘট প্রত্যাহার করে সোমবার সকাল থেকে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন।নাম প্রকাশ না শর্তে ফিনলের ডিজিএম পদমর্যাদার একজন কর্মকর্তা বলেন, রোববারের বৈঠকের পর জাগছড়ার সহকারী ব্যবস্থাপক গোলাম ফারুককে কর্তৃপক্ষ প্রত্যাহার করে নিয়েছে। বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে জানতে গতকাল সোমবার সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি। তবে বৈঠকে উপস্থিত শ্রীমঙ্গল থানার ওসি মো. আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘জাগছড়ার সহকারী ব্যবস্থাপককে কর্তৃপক্ষ প্রত্যাহার করবেন এবং শ্রমিকদের অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত কমিটির সদস্য নির্বাচন করবেন।’ জাগছড়া চা-বাগানের সহকারী ব্যবস্থাপকের অপসারণ, শ্রমিকদের বসতঘর মেরামত, শ্রমিক হয়রানি বন্ধ করাসহ আরও কয়েকটি দাবিতে জাগছড়া ও সোনাছড়া চা-বাগানের প্রায় এক হাজার ৩০০ শ্রমিক গত মঙ্গলবার থেকে ধর্মঘট শুরু করেছিলেন। ওই দিন রাতে সহকারী ব্যবস্থাপক গোলাম ফারুক বাদী হয়ে ১৩ জন শ্রমিকের নাম উল্লেখ এবং আরও ২৫-৩০ জন শ্রমিকের বিরুদ্ধে তাঁর বাসভবন ভাঙচুরের অভিযোগে শ্রীমঙ্গল থানায় একটি মামলা করেছিলেন।