শ্রীমঙ্গলে দুটি ছানাসহ উড়ন্ত কাঠবিড়ালি উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মোহাজেরাবাদ গ্রাম থেকে গতকাল মঙ্গলবার দুপুরে দুটি ছানাসহ একটি বিপন্ন প্রজাতির উড়ন্ত কাঠবিড়ালি উদ্ধার করা হয়েছে। ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল বন্য প্রাণী সেবাশ্রমে কাঠবিড়ালিটিকে ছানাসহ রাখা হয়েছে।বন্য প্রাণী সেবাশ্রমের পরিচালক সজল দেব জানান, মোহাজেরাবাদ গ্রামের বাসিন্দা মো. মোখলেছ মিয়ার বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। বাড়ির একটি জামগাছের খোঁড়লে বাসা বেঁধে কাঠবিড়ালিটি বাচ্চা প্রসব করেছিল।মোখলেছ মিয়া মুঠোফোনে প্রথম আলোকে জানান, সোমবার বিকেলে তাঁর বাড়ির জামগাছটি কেটে ফেলেন। গতকাল সকালে গাছের কাণ্ড টুকরো করার সময় এর খোঁড়ল থেকে একটি কাঠবিড়ালি বের হতে দেখেন। তিনি একটি সাধারণ কাঠবিড়ালি মনে করে প্রথমে গুরুত্ব দেননি। কিন্তু যখন দেখেন কাঠবিড়ালিটি কাটা জামগাছটির আশপাশে ঘুরঘুর করছে এবং এক গাছ থেকে অন্য গাছে যাওয়ার সময় শূন্যে পাখা মেলে উড়াল দিচ্ছে, তখন তিনি বন্য প্রাণী সেবাশ্রমে খবর দেন।বন্য প্রাণী সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সিতেশ রঞ্জন দেব উদ্ধার হওয়া প্রাণীটিকে উড়ন্ত কাঠবিড়ালি বলে নিশ্চিত করে বলেন, এর ইংরেজি নাম ফ্লাইং স্কুইরেল এবং বৈজ্ঞানিক নাম Petaurista petausipta। উড়ন্ত কাঠবিড়ালি এখন বিপন্ন প্রজাতির একটি প্রাণী। তবে এটি উড়তে পারে না। এদের হাত ও পায়ের মাঝে শরীরের পাশ থেকে বেরিয়ে আসা কিছু পর্দার মতো চামড়ার মিলন ঘটেছে, যা দেখতে পাখির ডানার মতো। এর সাহায্যে এরা সাধারণ কাঠবিড়ালির চেয়ে বেশি দূরত্বে লাফিয়ে পাড়ি দিতে পারে। পুরোনো গাছের খোঁড়লে এরা বাসা বাঁধে। ফল ও কচি পাতা খেলেও এরা সর্বভুক প্রাণী। নিশাচর এই প্রাণীটি বছরের মার্চ-এপ্রিল মাসে দুই থেকে চারটি বাচ্চা প্রসব করে। বিপন্ন হওয়ার কারণ প্রসঙ্গে সিতেশ দেব বলেন, আগে লাউয়াছড়া বনে এদের প্রচুর দেখা যেত। বনের পুরোনো গাছ ছিল এদের আবাসস্থল। পুরোনো সব গাছ উজাড় হওয়ায় বাসস্থান সংকটে পড়ে এরা এখন বিপন্ন।