শ্রীমঙ্গলে দুটি লজ্জাবতী বানর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এই লজ্জাবতী বানরের হাতের কবজি পুড়ে গেছে। ছবি: শিমুল তরফদার
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে এই লজ্জাবতী বানরের হাতের কবজি পুড়ে গেছে। ছবি: শিমুল তরফদার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পৃথক স্থান থেকে দুটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে শ্রীমঙ্গলের বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন। এর মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি লজ্জাবতী বানরের হাতের কবজি পুড়ে গেছে। গত শনিবার ও গতকাল রোববার উপজেলার রামনগর মণিপুরি পাড়া ও লামুয়া গ্রাম থেকে এ দুটি বানর উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সঞ্জিত দেব জানান, গত শনিবার উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রাম থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় একটি লজ্জাবতী বানরকে উদ্ধার করা হয়েছে। প্রাণীটির বাঁ হাতের কবজি পুরোটা পুড়ে গেছে। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকদের পরামর্শ নিয়ে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে রেখে সেটির চিকিৎসা চলছে। হাতের কবজির পুড়ে যাওয়া অংশ অস্ত্রোপচার করে কেটে ফেলা হতে পারে। এ জন্য প্রাণীটির একটু সুস্থ হওয়ার অপেক্ষা করা হচ্ছে।

শ্রীমঙ্গল প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন আরিফুর রহমান প্রথম আলোকে জানান, ‘বৈদ্যুতিক তারের স্পর্শে লজ্জাবতী বানরের বাঁ হাতের কবজি পুড়ে গেছে। এটিকে পুরোপুরি সুস্থ করে তুলতে একটু সময় লাগবে। আমরা এর চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি, এটিকে সুস্থ করে তুলতে পারব।’

গতকাল রোববার উপজেলার রামনগর মণিপুরি পাড়া থেকে অপর লজ্জাবতী বানরকে উদ্ধার করা হয়।
ওই এলাকার ফিটার বুনার্জী নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, তাঁদের বাড়ির পাশের একটি গাছে লজ্জাবতী বানরটি দীর্ঘ সময় ধরে চুপচাপ বসেছিল। পাশেই বৈদ্যুতিক তার। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় তিনি বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। পরে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন এটিকে উদ্ধার করে নিয়ে যান।
বন্য প্রাণী ফাউন্ডেশনের পরিচালক সজল দেব প্রথম আলোকে বলেন, ‘এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আমরা লজ্জাবতী বানরটি উদ্ধার করি। প্রাণীটি সুস্থ আছে। আমরা এটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে শিগগিরই বনে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব।’

বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব প্রথম আলোকে জানান, বন্য প্রাণীরা প্রায়ই বন ছেড়ে লোকালয়ে আসছে এবং দুর্ঘটনার শিকার হচ্ছে, আহত হচ্ছে, মারাও যাচ্ছে। এ জন্য প্রাণীদের বাসস্থান ও খাদ্যসংকটের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।