শ্রীমঙ্গলে দোকানের দেয়াল ভেঙে স্বর্ণালংকার চুরি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকার শাপলা সুপার মার্কেটের রাধারানী জুয়েলার্স ও রাজু মণিপুরী জুয়েলার্সে গত শুক্রবার রাতে দুর্ধর্ষ চুরি হয়েছে। দোকানমালিকদের দাবি, কোটি টাকার স্বর্ণালংকার খোয়া গেছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে।রাধারানী জুয়েলার্সের ব্যবস্থাপক পঞ্চম হাজরা ও রাজু মণিপুরী জুয়েলার্সের ব্যবস্থাপক শিবলাল জানান, শুক্রবার ছুটির দিন থাকায় মার্কেট বন্ধ ছিল। গতকাল শনিবার সকালে দোকান খুলে দেখা যায়, দোকান দুটির পেছনের দেয়াল বৃত্তাকারে ভাঙা। দোকানে কোনো স্বর্ণালংকার নেই।রাধারানী জুয়েলার্সের মালিক বাদল সরকার জানান, তাঁর দোকান থেকে চুরি যাওয়া স্বর্ণালংকারের পরিমাণ ২২৫ ভরি, যার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। রাজু মণিপুরী জুয়েলার্সের ব্যবস্থাপক শিবলাল জানান, তাঁর দোকান থেকে খোয়া গেছে ৩০ থেকে ৩৫ ভরি ওজনের স্বর্ণালংকার।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ জানান, পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে কিছু স্বর্ণালংকারসহ ফারুক, শামিম ও আতিক নামের তিনজনকে গ্রেপ্তার করেছে।