শ্রীমঙ্গলে পরিযায়ী পাতি সরালী উদ্ধার
দরজা খুলতেই ধাপাধাপি করে একটি পাখি ঢুকে আশ্রয় নেয় শয়নকক্ষে। উড়ে বসে মশারির ওপরে। এরপর কক্ষের টেবিলে, চেয়ারে, বিছানায় উড়ে উড়ে বসে। শত চেষ্টা করেও পাখিটিকে বের করা যাচ্ছিল না। ঘটনাটি গতকাল বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় উপপরিদর্শক মো. আবদুল কাদেরের শয়নকক্ষের।দুপুরে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল মিনি চিড়িয়াখানার প্রতিষ্ঠাতা সিতেশ রঞ্জন দেব পাখিটিকে উদ্ধার করে তাঁর চিড়িয়াখানায় নিয়ে যান। শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল কাদের বলেন, বুধবার ভোরে ঘুম থেকে উঠে দরজা খোলার সঙ্গে সঙ্গে পাখিটি ঘরের ভেতরে ঢুকে পড়ে। এরপর দুপুর পর্যন্ত কখনো মশারির ওপরে, কখনো টেবিল, কখনো বা চেয়ারের ওপরে উড়ে গিয়ে বসছিল। পাখিটিকে বের করা যাচ্ছিল না। পরে সিতেশ দেবকে খবর দেওয়া হলে তিনি এসে পাখিটিকে উদ্ধার করে নিয়ে যান হাইল হাওরে ছেড়ে দেওয়ার জন্য।সিতেশ রঞ্জন দেব বলেন, পাখিটি পাতি সরালী। এটি আঞ্চলিক পরিযায়ী পাখি। পাখিটি আহত হয়ে থানার ওই কক্ষে আশ্রয় নিয়েছিল। এটি বেশি উড়তে পারে না। ভোরে ঝাঁক বেঁধে হাইল হাওরে যাওয়ার পথে পাখিটি বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে দল থেকে ছিটকে পড়ে এখানে আশ্রয় নিয়েছে বলে তাঁর ধারণা। সিতেশ দেব জানান, পাখিটিকে চিড়িয়াখানায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে একে হাইল হাওরে ছেড়ে দেওয়া হবে।