শ্রীমঙ্গলে পাঁচটি সীমান্তখুঁটি পুনঃস্থাপন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে গতকাল শনিবার যৌথ সীমান্ত জরিপ কমিশন অনুষ্ঠিত হয়েছে। কমিশন শেষে উপজেলার সিন্দুরখান সীমান্তের ১৯৪০ থেকে ১৯৪৪ নম্বর পর্যন্ত পাঁচটি খুঁটি পুনঃস্থাপন করা হয়েছে।
জরিপ কমিশনে ভারতের পাঁচ সদস্যের দলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ভূমি জরিপ কমিশনের পরিচালক এন আর বিশওয়াল। ছয় সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন ভূমি জরিপ কমিশনের মহাপরিচালক আবদুল মান্নান। গতকাল দুপুরে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নে ১৯৪০ নম্বর প্রধান সীমান্তখুঁটি এলাকায় এ কমিশন অনুষ্ঠিত হয়। এ সময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডাররা উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গলে বিজিবি ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তের ওই অংশে সীমান্তখুঁটিগুলো পাহাড়ি খালের ভাঙনে বিলীন হয়েছে অথবা পুরোনো হওয়ায় ভেঙে গেছে।তাই দুই দেশের জরিপ কমিশনের মাধ্যমে পাঁচটি খুঁটি পুনঃস্থাপন করা হয়েছে।