শ্রীমঙ্গলে পেটানোর পর হাসপাতালে যুবকের মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মুঠোফোনের মেমোরি কার্ড নিয়ে বিবাদের জের ধরে মো. আইয়ুব আলী (১৯) নামের এক যুবককে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হওয়ার পর ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে মারা যান। নিহতের ঘনিষ্ঠজনেরা জানান, গত শুক্রবার শ্রীমঙ্গল সদর ইউনিয়নে স্থানীয় বাসিন্দা সজলের সঙ্গে মেমোরি কার্ড কেনাবেচা নিয়ে মনির ও মাসুদ নামের দুই যুবকের ঝগড়া বাধে। এ সময় সিন্দুরখান সড়কের বাসিন্দা আইয়ুব মনির ও মাসুদের পক্ষ নিয়ে বিষয়টির মীমাংসা করে দেন। এরপর গত সোমবার দুপুরে সজল ফোন করে আইয়ুবকে শাপলাবাগ রেলক্রসিংয়ের কাছে ডেকে নেন। সেখানে সজল, ভুট্টোসহ আরও কয়েকজন তাঁকে পিটিয়ে আহত করেন।নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানান, আইয়ুবকে পিটিয়ে রাস্তায় ফেলে যাওয়ার পর তিনিসহ এলাকাবাসী তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন। আইয়ুবের পরিবার জানায়, আইয়ুবকে প্রথমে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইয়ুব মারা যান। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ্ বলেন, আইয়ুবের মা সজল, ভুট্টো, আকাশসহ অজ্ঞাত আরও ছয়-সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।