শ্রীমঙ্গলে প্রকল্প পরিদর্শনে রাষ্ট্রদূত উইলিয়াম হানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হানা গতকাল সোমবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইইউ পরিচালিত একটি প্রকল্প পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিটিআরআই চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট মিলনায়তনে চা-শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে প্রকল্প নিয়ে মতবিনিময় করেন।
ইউরোপিয়ান ইনস্ট্রুমেন্ট ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটসের (ইআইডিএইচআর) অধীনে এ প্রকল্পে দুই কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। প্রকল্পটি বাস্তবায়ন করছে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ইউম্যান ডেভেলপমেন্ট (সেড)।
মতবিনিময়কালে উইলিয়াম হানা বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতার একটি অন্যতম অগ্রাধিকার পাওয়া বিষয় হলো শ্রমিক অধিকার। চা-বাগান এলাকা শুধু চা উৎপাদন নয়, পর্যটনের জন্যও একটি সম্ভাবনাময় স্থান। চা-শ্রমিকদের জীবনমান মানবিক পর্যায়ে উন্নীত করা সবার জন্যই জরুরি। কারণ, তাতে তাঁরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আরও সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন।’
সেডের সাধারণ সম্পাদক ফিলিপ গাইন জানান, ‘বাংলাদেশের চা-শ্রমিক ও স্বল্পপরিচিত জাতিগোষ্ঠীর মানচিত্রায়ন ও সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পটিতে শুধু চা জনগোষ্ঠীর ছয় লাখ মানুষ অন্তর্ভুক্ত।
মতবিনিময় শেষে রাষ্ট্রদূত বেলা আড়াইটায় কমলগঞ্জ উপজেলার আলীনগর চা-বাগানে সরেজমিনে চা-শ্রমিক বস্তি পরিদর্শন করেন।