শ্রীমঙ্গলে বধ্যভূমিতে চা চাষের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ‘জয় বাংলা বধ্যভূমি’তে ফিনলে চা কোম্পানির চা চাষের চেষ্টা এলাকাবাসীর প্রতিরোধে বন্ধ হয়ে গেছে। গত শুক্রবার সকালে ফিনলে কোম্পানির সিন্দুরখান চা-বাগান কর্তৃপক্ষ খননযন্ত্র (এক্সকেভেটর) দিয়ে বধ্যভূমিতে খোঁড়াখুঁড়ি শুরু করে। ওই দিন দুপুরে সরেজমিনে দেখা যায়, প্রায় তিন একর জায়গাজুড়ে বিস্তৃত বধ্যভূমির বিক্ষিপ্ত গর্তগুলো ভরাট করা হয়েছে। বাঁশঝাড়ের বাঁশ কেটে শিকড় উপড়ে ফেলা হয়েছে। খননযন্ত্র দিয়ে বধ্যভূমির কিছু অংশের মাটি সমান করা হচ্ছে। পাশেই গ্রামবাসী ও মুক্তিযোদ্ধারা একত্র হয়ে খননযন্ত্রের চারপাশে অবস্থান নিয়ে বধ্যভূমি রক্ষার দাবিতে বিক্ষোভ করছেন। এ অবস্থায় ফিনলে কর্তৃপক্ষ কাজ বন্ধ করে খননযন্ত্র নিয়ে চলে যায়।এলাকাবাসী জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে ভারত সীমান্তবর্তী সিন্দুরখান বাজারে পাকিস্তানি হানাদার বাহিনী একটি ক্যাম্প স্থাপন করে। ৬ ডিসেম্বর শ্রীমঙ্গল হানাদারমুক্ত হওয়ার আগ পর্যন্ত সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে ধরে এনে এখানে গুলি করে হত্যা করে গণকবর দেওয়া হয়। স্বাধীনতার পর এখান থেকে শতাধিক মাথার খুলি উদ্ধার করা হয়। তখন থেকেই এই জায়গা বধ্যভূমি হিসেবে চিহ্নিত।সিন্দুরখান ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী বলেন, ‘এই পবিত্র মাটির সঙ্গে আমাদের অস্তিত্ব জড়িয়ে আছে। চা-বাগান সম্প্রসারণের প্রয়োজন হলে বধ্যভূমির স্থানটুকু বাদ দিয়ে করতে হবে।’ মুক্তিযোদ্ধা রতিকান্ত রায় জানান, ১৯৯৬ সালে এই বধ্যভূমির নামকরণ করা হয় জয় বাংলা বধ্যভূমি। মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদুল মতলিব বলেন, এটি উপজেলার তালিকাভুক্ত বধ্যভূমি। জানতে চাইলে ফিনলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এস এম তাহের বলেন, ‘শ্রীমঙ্গলে ভাড়াউড়া চা-বাগান ছাড়া ফিনলের জমিতে অন্য কোথাও বধ্যভূমি আছে বলে আমার জানা নেই। ফিনলে আইন অনুযায়ী চা চাষ এলাকা সম্প্রসারণ করছে।’মৌলভীবাজারের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।’