শ্রীমঙ্গলে বন বিভাগের কর্মকর্তা অবরুদ্ধ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন বিভাগের (বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) রেঞ্জ কর্মকর্তা এ কে এম আজহারুল ইসলাম কাঠ বিক্রির ১১ লক্ষাধিক টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে কাঠ ব্যবসায়ীরা গত শুক্রবার রাতে তাঁকে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে আজহারুল ইসলামের কার্যালয়ে গিয়ে দেখা যায়, তিনি একটি কক্ষে শুয়ে আছেন। তাঁকে ঘিরে আছেন কয়েকজন অধস্তন কর্মকর্তা-কর্মচারী। কার্যালয়ের বাইরে বিক্ষোভ করছেন অর্ধশতাধিক কাঠ ব্যবসায়ী।বন বিভাগের একজন প্রহরী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কাঠ ব্যবসায়ীরা টাকার জন্য সন্ধ্যা সাতটা থেকে স্যারকে (আজহারুল) অবরুদ্ধ করে রেখেছেন। এ অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে বিছানায় শুইয়ে রাখা হয়েছে।’কার্যালয়ের বাইরে অবস্থান নেওয়া কাঠ ব্যবসায়ীরা অভিযোগ করেন, বিভিন্ন সময়ে ওই কার্যালয়ে অনুষ্ঠিত নিলামে (অকশন) ১১ লক্ষাধিক টাকা তাঁরা রেঞ্জ কর্মকর্তাকে দিয়েছেন। কিন্তু রসিদ নেই, ঢাকা থেকে রসিদ এলে দেওয়া হবে—এসব কথা বলে টাকা গ্রহণের বিপরীতে তিনি ব্যবসায়ীদের কোনো রসিদ দেননি।ব্যবসায়ীরা জানান, তাঁরা জানতে পেরেছেন রেঞ্জ কর্মকর্তা শ্রীমঙ্গল থেকে বদলি হচ্ছেন। শুক্রবার রাতেই তিনি দায়িত্ব অন্যজনকে বুঝিয়ে দিয়ে শ্রীমঙ্গল ত্যাগ করেন। এমন তথ্য পেয়ে আজহারুলের কাছ থেকে তাঁরা টাকার রসিদ নিতে এসেছেন। কিন্তু তিনি রসিদ না দিয়ে ব্যবসায়ীদের সঙ্গে অশোভন আচরণ করেছেন। এ জন্য তাঁরা তাঁকে অবরুদ্ধ করে রাখেন।ঘটনাস্থলে উপস্থিত শ্রীমঙ্গলের মুসলিমবাগ আবাসিক এলাকার কাঠ ব্যবসায়ী আবুল কাসেম জানান, তিনি এক লাখ ৩০ হাজার টাকা রেঞ্জ কর্মকর্তাকে দিয়েছেন কিন্তু টাকার রসিদ পাননি।কাঠ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভা এলাকার জালালীয়া সড়কের সোহান এন্টারপ্রাইজের ৩৭ হাজার টাকা, মতিন টিম্বার্সের ২৫ হাজার, মনির হোসেনের এক লাখ ২০ হাজার টাকা, ছায়েদ মিয়ার দুই লাখ, মেসার্স সোহেল এন্টারপ্রাইজের ছয় লাখ টাকাসহ শ্রীমঙ্গলের ব্যবসায়ীদের কাছ থেকে রেঞ্জ কর্মকর্তা রসিদ ছাড়াই ১১ লাখ ১২ হাজার টাকা নিয়েছেন।এ ছাড়া কমলগঞ্জের আরও কয়েকজন কাঠ ব্যবসায়ীর কাছ থেকে রেঞ্জ কর্মকর্তা রসিদ ছাড়াই টাকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।অসুস্থ হয়ে পড়ায় রাত ১১টার দিকে আজহারুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কাঠ ব্যবসায়ীরা তখন চলে যান। অভিযোগ প্রসঙ্গে ওই সময় আজহারুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি নীরব থাকেন। পরদিন গতকাল শনিবার সকালে তাঁকে কার্যালয়ে পাওয়া যায়নি। মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে আর যোগাযোগ করাও সম্ভব হয়নি।মৌলভীবাজারের রেঞ্জ কর্মকর্তা মো. মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘আজহারুল ইসলামকে বদলি করা হয়নি। তিনি ভারতের দেরাদুনে তিন মাসের প্রশিক্ষণে যাবেন। ১ নভেম্বর থেকে আমাকে শ্রীমঙ্গল কার্যালয়ে চলতি দায়িত্বে দেওয়া হয়েছে।’