শ্রীমঙ্গলে বাস উল্টে স্কুলছাত্রীসহ নিহত ২, সড়ক অবরোধ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজার এলাকায় গতকাল সোমবার বাস উল্টে এক স্কুলছাত্রীসহ দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন সড়ক অবরোধ করেন এবং ১২টি গাড়ি ভাঙচুর করেন।
নিহত ব্যক্তিরা হলেন বাসচালকের সহকারী মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের আরব মিয়ার ছেলে মেজু মিয়া (২৮) ও ভৈরবগঞ্জ দ্বি-পাক্ষিক উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ও শ্রীমঙ্গলের ভাগলপুর গ্রামের বিলাল হোসেনের মেয়ে লীলা বেগম (১৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজার এলাকার বরুণা-ভৈরবগঞ্জ সড়কের কাছে মৌলভীবাজারমুখী একটি দ্রুতগামী বাসের সামনে দিয়ে এক পথচারী যাচ্ছিলেন। তখন চালক তাঁকে বাঁচাতে দ্রুত ব্রেক কষলে বাসটি উল্টে যায়। এতে কয়েকজন পথচারী বাসের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই লীলা বেগম এবং হাসপাতালে নেওয়ার পথে মেজু মিয়া মারা যান। দুর্ঘটনায় পথচারী ও বাসযাত্রী মিলিয়ে ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করেন। তাঁরা দুর্ঘটনাস্থলে গতিরোধক নির্মাণের দাবি জানান। একপর্যায়ে তাঁরা তিনটি যাত্রীবাহী বাস, দুটি মিনিবাস এবং সাতটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। পরে শ্রীমঙ্গলের অতিরিক্ত দায়িত্বে থাকা কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার আশরাফুল ইসলাম বলেন, ‘স্থানীয় লোকজনের কিছু দাবিদাওয়া ছিল। আমরা তাৎক্ষণিকভাবে কিছু দাবি পূরণ করেছি। আরও কিছু পূরণের আশ্বাসের পর অবরোধ তুলে নেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক আছে।’