শ্রীমঙ্গলে বিজিবির ৫২ ব্যাটালিয়নের যাত্রা শুরু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সেক্টরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫২ ব্যাটালিয়নের যাত্রা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমদ পতাকা উত্তোলন করে ৫২ ব্যাটালিয়নের উদ্বোধন করেন।

পতাকা উত্তোলন শেষে মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, বিজিবিকে গতিশীল করতে আরও চারটি আঞ্চলিক সদর দপ্তর, চারটি সেক্টর ও ১১টি নতুন ব্যাটালিয়ন স্থাপন করা হচ্ছে। ৫২ ব্যাটালিয়নের যাত্রা আজ শুরু হলো। নতুন ১১টি ব্যাটালিয়নের মধ্যে এটি পঞ্চম। পর্যায়ক্রমে বাকি ব্যাটালিয়নের কার্যক্রম শুরু হবে।

শ্রীমঙ্গল সেক্টরের ব্যবস্থাপনায় ১৪ বিজিবি ব্যাটালিয়ন ৫২ ব্যাটালিয়নের পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করে। এতে আরও উপস্থিত ছিলেন বিজিবির সরাইল অঞ্চলের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মো. আয়ূব আনসারী, শ্রীমঙ্গল সেক্টরের অধিনায়ক কর্নেল আবু সালেহ মো. গোলাম আম্বিয়া, ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনিরুল ইসলাম প্রমুখ।