শ্রীমঙ্গলে বিদ্রোহের বিচার শুরু আরও ১১ জন গ্রেপ্তার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের বিচার গতকাল বুধবার শুরু হয়েছে। এই ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৩-এ বিচার কার্যক্রম শুরু হয়। বিশেষ আদালতের নির্দেশে গতকাল এই ব্যাটালিয়নে কর্মরত আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়। আদালত আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।গতকাল গ্রেপ্তার জওয়ানেরা হলেন নায়েব সুবেদার মো. সালেহ্ আহমদ এবং ১০ জন সিপাহি মির্জা সোলেমান, আবুল কালাম আজাদ, শাহীন হোসেন, মং সা চিন মারমা, আল মামুন, মো. সাজেদুল ইসলাম, মো. জহির উদ্দীন, মো. সিরাজুল ইসলাম, মো. জিয়াউল ইসলাম ও মো. ইকবাল হোসেন। এ নিয়ে এই মামলায় ৪৫ জন গ্রেপ্তার হলেন।বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে গতকাল সকাল ১০টায় শ্রীমঙ্গলে বিশেষ আদালত-৩-এ বিচারকাজ শুরু হয়। বিচারক প্যানেলের অন্য তিনজন সদস্য হলেন লে. কর্নেল মো. আখতারুজ্জামান, মেজর মো. মাকসুদুল আলম ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।আদালতের কার্যক্রম শুরু হলে ১৪ রাইফেল ব্যাটালিয়নের সুবেদার মেজর মো. আবদুল মান্নান আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ উপস্থাপন করেন। এর পর দুপুর ১২টায় আদালত মুলতবি করা হয় ২০ মিনিটের জন্য। আদালতের কার্যক্রম পুনরায় শুরু হলে মামলার কৌঁসুলি ১৪ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নুরুল হুদা আদালতে তাঁর বক্তব্য উপস্থাপন করেন। তিনি আদালতে বলেন, ‘গত বছরের ২৫-২৬ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে ১৪ রাইফেল ব্যাটালিয়নের যেসব সদস্য শৃঙ্খলা ভেঙে বিদ্রোহে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়েছিলেন; তাঁদের শনাক্ত করতে সক্ষম হয়েছি।’গতকাল দুপুরে প্রেস ব্রিফিংয়ে নুরুল হুদা জানান, রাষ্ট্রদ্রোহ মামলায় এর আগে গ্রেপ্তার ৪৩ জনের মধ্যে একজন উপসহকারী পরিচালক (ডিএডি) ও চারজন বেসামরিক সদস্যের বিচার করার এখতিয়ার এ আদালতের নেই। আগে গ্রেপ্তার ৪৩ জনের মধ্যে ৩৪ জনের এবং গতকাল গ্রেপ্তার ১১ জনের বিচার এ আদালতে হবে।