শ্রীমঙ্গলে বিলুপ্তপ্রায় বাংলা শকুন উদ্ধার
মৌলভীবাজার উপজেলার শ্রীমঙ্গলের হাইল হাওরের উত্তরসূর গ্রামে গত শুক্রবার ৩৩ কেভিএ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে জড়িয়ে আহত হয়ে মাটিতে পড়ে ছিল এক বিলুপ্তপ্রায় বাংলা শকুন। গ্রামের শিশু-কিশোরেরা বড় আকারের এই আহত শকুনকে বাঁশের লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মজা করছিল। শেষ পর্যন্ত তাদের কবল থেকে রক্ষা পেয়েছে পাখিটি। ব্যক্তি-উদ্যোগে প্রতিষ্ঠিত বন্য প্রাণীদের সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সিতেশ রঞ্জন দেব ঘটনাস্থল থেকে পাখিটিকে উদ্ধার করে এনে চিকিৎসা দিচ্ছেন। সিতেশ রঞ্জন দেব জানান, লোকমুখে শকুনটি আহত হওয়া খবর পেয়ে দ্রুত উত্তরসুর গ্রামে গিয়ে তিনি গুরুতর আহত পাখিটিকে উদ্ধার করে সেবাশ্রমে নিয়ে এসেছেন। বৈদ্যুতিক তারে জড়িয়ে শকুনটি ডান ডানার বেশ খানিকটা অংশ ঝলসে গেছে। এ কারণেই মাটিতে পড়ে গিয়েছিল। আর গ্রামের শিশুরা বাঁশের লাঠি দিয়ে খুঁচিয়ে তার মাথা ও ঘাড় জখম করে ফেলে। ফলে পখিটি মাথা তুলতে পারছে না।