শ্রীমঙ্গলে ব্যবসায়ী ও নৈশপ্রহরী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত রোববার রাতে দুর্বৃত্তদের দায়ের কোপে দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে কনক লাল দাশ (৪৫) খুন হয়েছেন। ওই রাতে উপজেলার আঐ গ্রামে সায়েদুর আলী (২৬) নামের অপর এক তরুণ খুন হন। এসব ঘটনায় শ্রীমঙ্গল থানায় দুটি হত্যা মামলা হয়েছে।
কনক দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের নৈশপ্রহরী ছিলেন। তাঁর বাড়ি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের দক্ষিণ উত্তরসূর গ্রামে। সায়েদুরের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের আঐ গ্রামে। তিনি বেকারি পণ্যের ব্যবসায়ী ছিলেন।
পুলিশ জানায়, রোববার রাত দুইটার দিকে ওই কলেজের ক্যাম্পাসে দুর্বৃত্তদের দায়ের কোপে কনক লাল দাশ গুরুতর আহত হন। পরে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে তিনটায় তিনি মারা যান। রোববার রাত সাড়ে নয়টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও বাজার থেকে নিজ বাড়ি আঐ গ্রামে ফেরার পথে গ্রামের পশ্চিমপাড়ায় সড়কে প্রতিবেশী আরজু মিয়ার দায়ের কোপে সায়েদুর মারা যান।
সায়েদুরের বাবা দরবেশ আলী জানান, সম্প্রতি আরজু মিয়ার এক বোন হবিগঞ্জের বাহুবল গ্রামের এক তরুণের (হিরা মিয়া) সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। আরজুর সন্দেহ সায়েদুর বোনকে পালাতে সহায়তা করেন। এ নিয়ে আরজু সায়েদুরের ঘাড়ে দা দিয়ে কোপ দেন।
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, নৈশপ্রহরী খুনের ঘটনায় কলেজের অপর নৈশপ্রহরী বিশু বাদ্যকরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার পর থেকে আরজু মিয়া পলাতক রয়েছেন।