শ্রীমঙ্গলে মঙ্গলচণ্ডী মন্দিরে দুর্গাপূজা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভূনবীর ইউনিয়নের মঙ্গলচণ্ডী মন্দিরে গত বুধবার দুর্গাপূজা শুরু হয়েছে। এখানে আলাদাভাবে দেবী দুর্গার নয়টি রূপের আরাধনা করা হচ্ছে। বিশেষ এ পূজা শেষ হবে আগামী ৬ অক্টোবর প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে।উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার পশ্চিমে ভূনবীর ইউনিয়নের ইছামতী চা-বাগানসংলগ্ন পাহাড়ে গত বছর বিশেষ এ পূজার প্রচলন করা হয়েছে। মঙ্গলচণ্ডী মন্দির পরিচালনা পর্ষদ বিশ্বশান্তি কামনায় এ পূজার আয়োজন করেছে।গতকাল বৃহস্পতিবার পূজার দ্বিতীয় দিন দুপুরে গিয়ে দেখা গেছে, হিন্দু ধর্মাবলম্বী কয়েক হাজার ভক্তের সমাগম ঘটেছে পাহাড়-টিলাঘেরা মন্দিরের প্রাঙ্গণে। নয়টি অস্থায়ী মন্দিরে দেবী দুর্গার নয় রূপের নয়টি মূর্তি তৈরি করে পূজার আয়োজন চলছে।দীপঙ্কর ভট্টাচার্য, দয়াময় ভট্টাচার্য ও যাদুময় ভট্টাচার্য—এ তিনজন পুরোহিত দ্বিতীয় দিনে দেবীর ‘ব্রহ্মচারিণী’ রূপের পূজার মন্ত্র পাঠ করছেন। এর আগে গত বুধবার পূজার প্রথম দিনে দেবীর ‘শৈলপুত্রী’ রূপের পূজা করা হয়েছে।মন্দিরের প্রাঙ্গণে উপস্থিত ভূনবীর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুর রশিদ বলেন, পূজা শুরুর দিন থেকে রোদ-বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন উপজেলা থেকে এ মন্দিরে প্রতিদিন হাজারো ভক্তের সমাগম ঘটছে। শুধু হিন্দু ধর্মাবলম্বীরাই নয়, জাতি-ধর্মনির্বিশেষে বিশেষ এ পূজাকে ঘিরে যেন বসেছে মিলনমেলা।