শ্রীমঙ্গলে ম্যালেরিয়া নির্মূল পর্যায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ম্যালেরিয়া জ্বর নির্মূল পর্যায়ে। এখন প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণ করে এ অর্জন ধরে রাখতে হবে।

গতকাল বুধবার শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এক কর্মশালায় সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এ মতামত ব্যক্ত করেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা এখন থেকে প্রতিরোধমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে এ অর্জন ধরে রাখার অঙ্গীকার করেন। জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং ব্র্যাক-স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজীবুস শহীদ। আলোচনায় অংশ নেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রত্নদীপ বিশ্বাস, ভূনবীর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুর রশিদ, সাতগাঁও ইউপি চেয়ারম্যান রঘুনাথ দেব, ব্র্যাক-স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির উপজেলা জ্যেষ্ঠ ব্যবস্থাপক হযরত আলী, ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেব প্রমুখ।

নজীবুস শহীদ জানান, চলতি বছরের মে মাস পর্যন্ত এ উপজেলায় ১৮ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। গত বছর (২০১২) শ্রীমঙ্গল উপজেলায় ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১০৯ জন। ২০০৮ সালে ছিল এক হাজার ৩৬২ জন। তিনি বলেন, কীটনাশকযুক্ত মশারি খালে, বিলে, নদী কিংবা পুকুরে ধোয়ার ফলে পরিবেশ দূষিত ও জলজ প্রাণীর মৃত্যু হচ্ছে। তাই মশারিগুলো তোলা পানিতে ধুয়ে বাড়ির একটি নির্দিষ্ট গর্তে পানি ফেলার পরামর্শ দেন তিনি।