শ্রীমঙ্গলে যুবকের রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গত শনিবার মো. আলতাফ মিয়া (৩৩) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন রাতে উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের মসজিদের সামনে থেকে গুরুতর আহত অবস্থায় আলতাফ মিয়াকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। আলতাফ শেখ রাসেল শিশু উদ্যানে আয়োজিত বৈশাখী মেলা দেখতে এসেছিলেন। তাঁর বাড়ি উপজেলার আশিদ্রোন ইউনিয়নের গাজীপুর গ্রামে।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, শনিবার রাত আটটার দিকে বৈশাখী মেলার হকিমাঠে কিছু যুবক নারীঘটিত বিষয় নিয়ে মারামারি করেন। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে আলতাফকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের কয়েকজন অভিযোগ করেন, ওই সময় পুলিশ লাঠিপেটা করে। পুলিশের লাঠির আঘাতে আলতাফ মারা গেছেন। আবার কেউ কেউ জানিয়েছেন, পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় নাগরদোলায় আঘাত পেয়ে আলতাফ মাটিতে পড়ে যান।শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই সময়ে কর্তব্যরত চিকিৎসক মো. হাবিবুর রহমান জানান, আলতাফের নাকে-মুখে আঘাতের চিহ্ন ছিল।লাঠিপেটার অভিযোগ অস্বীকার করে গতকাল সোমবার শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ জানান, আলতাফ কীভাবে মারা গেছেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এ ব্যাপারে নিহত আলতাফের শ্যালক শাহজাহান মিয়ার অভিযোগের ভিত্তিতে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।