শ্রীমঙ্গলে লাখাইছড়া চা-বাগানে শ্রমিকদের মানববন্ধন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া চা-বাগানের চা-শ্রমিকেরা গতকাল বুধবার বিকেলে মানববন্ধন করেছেন। দুটি শ্রমিক পরিবারের ভোগদখলে থাকা এক বিঘা জমির গাছ উপড়ে ফেলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। গতকাল বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত লাখাইছড়া চা-বাগানের শ্রমিকেরা ওই জমির পাশে লাখাইছড়া-রাজঘাট সড়কে মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে ঘটনাস্থলে কালীঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, ইউপি সদস্য নন্দলাল মৃধা ও কয়েকজন শ্রমিকনেতা উপস্থিত হয়ে সাধারণ শ্রমিকদের আন্দোলনে সংহতি জানান। শ্রমিকেরা জানান, চা-বাগান কর্তৃপক্ষ গতকাল সকালে একটি এক্সকেভেটর দিয়ে কাজলী মৃধা ও সনো মৃধার ভোগদখলে থাকা প্রায় এক বিঘা জমির গাছপালা উপড়ে ফেলে জমির দখল নেয়। বাগান কর্তৃপক্ষ জমির ভোগদখলে থাকা শ্রমিক পরিবারগুলোকে এ বিষয়ে আগে কিছু জানায়নি। এতে সাধারণ শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। জমির ভোগদখলে থাকা লাখাইছড়া চা-বাগানের শ্রমিক কাজলী মৃধা বলেন, ‘আমাদের ঘরের পাশের পতিত এই জমি ১০-১২ বছর ধরে আমরা ভোগ করছি। ওই জমিতে আমরা সুপারি, সেগুন, গামাই, একাশিয়া, কড়ইসহ আরও কয়েক জাতের গাছ লাগিয়েছিলাম। আমরা সবজিও চাষ করি। কয়েক মিনিটের মধ্যে সব গাছ উপড়ে ফেলে তছনছ করা হয়েছে।’ সনো মৃধা বলেন, ‘বাগানের একজন বাবু (ক্লার্ক) জানিয়েছিলেন, জমির একপাশে মাটি সমান করে আমাদের জন্য (বাগান কর্তৃপক্ষ) ঘর করে দেবে। কিন্তু দেখা গেল, জমির সব ফসল ও গাছপালা মেশিন (এক্সকেভেটর) দিয়ে উপড়ে ফেলে জমিটাই দখল করে নিল।’ ঘটনাস্থলে থাকা ফিনলে চা কোম্পানির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, চা-বাগানের প্রয়োজনে শ্রমিকদের ভোগদখলে থাকা জমি কর্তৃপক্ষ যেকোনো সময় নিতে পারে। ইতিপূর্বে বিভিন্ন চা-বাগানে শ্রমিকদের দখলে থাকা জমি উদ্ধার করা হয়েছে।দখলে নেওয়ার আগে শ্রমিকদের নোটিশ করার নিয়ম আছে কি না, জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি। ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা বলেন, চা-বাগানের শ্রমিকেরা তিন-চার পুরুষ ধরে বাগানে বসবাস করছেন। অথচ তাঁদের এক ইঞ্চি জমি নেই। শ্রমিকেরা ভূমির অধিকার নিয়ে আন্দোলন করছেন। মানবিক কারণে শ্রমিকদের এই আন্দোলন সমর্থনযোগ্য। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ফিনলে চা কোম্পানির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এস এম তাহের বলেন, ‘আমি ঢাকায় আছি। এ বিষয়ে কিছু জানি না। তবে চা-বাগানের প্রয়োজনে আগেও জমি উদ্ধার করা হয়েছে, এখনো হচ্ছে। এটি আমাদের নিতান্তই অভ্যন্তরীণ বিষয়, যা সাংবাদিকদের বলা যায় না।’