শ্রীমঙ্গলে শতাধিক অবৈধ স্থাপনা দোকান উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সড়ক ও ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা, দোকানপাট ও বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন গতকাল বৃহস্পতিবার দুপুরে স্টেশন সড়কে ওই অভিযান পরিচালনা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল শহরের বিভিন্ন সড়কের পাশের দোকান ও চা স্টলের সামনে অবৈধভাবে এক চালা তৈরি করে ফুটপাত দখল করা হয়েছে। প্রতিদিন ফুটপাত ও সড়কের মধ্যে ভ্রাম্যমাণ বিভিন্ন পণ্যের দোকান নিয়ে বসছেন ব্যবসায়ীরা। এতে যানবাহন ও পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। শহরে যানজটের সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা সমাধানের জন্য উপজেলা প্রশাসন গতকাল স্টেশন সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহীদুল হক। এ সময় অন্যদের মধ্যে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান,পৌরসভার উপসহকারী প্রকৌশলী ফরহাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএনও মো. শহীদুল হক বলেন, ‘অনেকে ফুটপাতের মধ্যে অবৈধভাবে দোকানপাট স্থাপন করে ব্যবসা করছিল। পথচারী ও যানবাহন চলাচল করতে পারছিল না। আমরা স্টেশন রোড থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছি।’