শ্রীমঙ্গলে শিলাবৃষ্টিতে বোরো ফসলের ক্ষতি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত বৃহস্পতিবার রাতে শিলাবৃষ্টিতে উঠতি বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টির আঘাতে উপজেলার কয়েকটি গ্রামে বাড়িঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে।সরেজমিনে গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার কালাপুর, মির্জাপুর, ভুনবীর ও শ্রীমঙ্গল সদর ইউনিয়নে গত বৃহস্পতিবার রাতে দুবার শিলাবৃষ্টি হয়েছে। রাত সাড়ে ১২টার দিকে শিলাবৃষ্টির সঙ্গে মুষলধারে বৃষ্টি ছিল। রাত তিনটার দিকে বৃষ্টি ছাড়াই শিলাবৃষ্টি হয়েছে। প্রতিবারেই শিলাবৃষ্টির স্থায়িত্ব ছিল প্রায় ২০ মিনিট। শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া গ্রামের কৃষক আসাদ মিয়া (৪৮) বলেন, ‘শিলে আমার জমির সব আধপাকা ধান ঝরে পড়েছে।’একই ইউনিয়নের ইছবপুর গ্রামের কৃষক এরশাদ মিয়া (৬০) বলেন, ‘এমন হিল (শিল) পড়া আমি এর আগে দেখছি কইরা মনে অয় না। বাড়ির উঠান সাদা অই (হয়ে) গেছে।’ নয়াগাঁও গ্রামের আনিছ মিয়া (৩৫) বলেন, ‘গেল আমন ধানেও মাইর খাইছি। ইবারও হিলে নিল গিয়া।’ উপজেলার মির্জাপুর ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের কৃষক মো. জাকির হোসেন বলেন, ‘এমন হিল দিছে, খেতে আর কাঁচি লইয়া যাওয়া লাগত নায়।’উপজেলা কৃষি কর্মকর্তা সুকল্প দাস বলেন, ‘এবার তিন হাজার হেক্টরে বোরো আবাদ হয়েছিল। শিলাবৃষ্টিতে ভুনবীর, মির্জাপুর, কালাপুর ও শ্রীমঙ্গল সদর—এ চারটি ইউনিয়নে বেশি ক্ষতি হয়েছে। কালাপুর ও শ্রীমঙ্গল সদর ইউনিয়নের বোরো খেত সরেজমিনে দেখেছি। ওই দুই ইউনিয়নের কয়েকটি গ্রামের কৃষকদের সঙ্গে কথা বলেছি। তাতে মনে হয়েছে, ৫০ শতাংশ ফসলের ক্ষতি হয়েছে। তবে সব উপসহকারী কৃষি কর্মকর্তার প্রতিবেদন পাওয়ার পর ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান বলা যাবে।’