শ্রীমঙ্গলে সাংবাদিককে ঠিকাদারের হুমকি থানায় জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কর্মরত বাংলাদেশ প্রতিদিন-এর প্রতিনিধি দীপঙ্কর ভট্টাচার্যকে নাজেহাল ও হুমকির অভিযোগে গত বৃহস্পতিবার শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। দীপঙ্কর ভট্টাচার্য জানান, ইউজিপ-২ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ পেয়ে তিনি গত বুধবার বিকেলে চৌমোহনাসংলগ্ন মৌলভীবাজার সড়কে বিরতি বিল্ডিংয়ের সামনে কাজের স্থলে যান। সেখানে পৌরসভার সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম ও দ্বিতীয় শহর উন্নয়ন প্রকল্পের (ইউজিপ-২) উপসহকারী প্রকৌশলী মাসুদ রানার সঙ্গে কাজের অনিয়ম প্রসঙ্গে কথা বলছিলেন। এ সময় ঠিকাদার নুরুল আলম সিদ্দিকী তাঁকে অশ্লীল ভাষায় গালাগাল করে শারীরিকভাবে লাঞ্ছিত করার জন্য তেড়ে যান। এ সময় উপস্থিত লোকজন ও ব্যবসায়ীরা তাঁকে রক্ষা করেন। পরে নুরুল আলম তাঁকে (দীপঙ্কর) দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান। বৃহস্পতিবার শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভায় এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ বলেন, ‘বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইউজিপ-২ প্রকল্পের ২৫ কোটি টাকা শ্রীমঙ্গল পৌরসভার জন্য বরাদ্দ রয়েছে। ওই প্রকল্পের আওতায় তিন কোটি ১৮ লাখ ৬৬ হাজার ৭৫৬ টাকা ব্যয়ে নর্দমা নির্মাণের কাজ পায় ঢাকার মেসার্স সানরাইজ কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের পক্ষে কাজটি করছেন শ্রীমঙ্গল পৌর বিএনপির একাংশের সভাপতি নুরুল আলম সিদ্দিকী।