শ্রীমঙ্গলে সাতগাঁও চা-বাগানে শ্রমিকদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা-বাগানের শ্রমিকেরা গতকাল সোমবার দুপুর থেকে ধর্মঘট শুরু করেছেন। গতকাল সকালে বাগানের চিকিৎসাকেন্দ্রের (ডিসপেনসারি) কম্পাউন্ডার এক নারী শ্রমিককে লাঞ্ছিত করে বলে অভিযোগ ওঠে। এরপর কয়েকজন শ্রমিক কম্পাউন্ডারকে পিটিয়ে আহত করেন। এ সময় তাঁরা বাগানের কার্যালয়েও ভাঙচুর চালান। চা-বাগানের শ্রমিক ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাগানের শ্রমিক অন্ন বাগিত তাঁর শিশুসন্তানের অসুস্থতার কারণে ছুটি নেওয়ার জন্য গতকাল সকালে সনদ আনতে ডিসপেনসারিতে যান। সেখানে কম্পাউন্ডার মো. আবদুস সামাদের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। বাড়ি ফিরে তিনি ঘটনাটি স্বামী হরেন্দ্র বাগতিকে জানান। এতে হরেন্দ্র ক্ষিপ্ত হয়ে আরও কয়েকজন শ্রমিক নিয়ে আবদুস সামাদের বাসায় ঢুকে তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে দেয়ালে লেগে হরেন্দ্রর মাথা ফেটে যায়। কয়েকজন কর্মচারী আবদুস সামাদকে বাসা থেকে উদ্ধার করে বাগানের কার্যালয়ে নিয়ে যান। ক্ষুব্ধ শ্রমিকদের কয়েকজন কার্যালয়ে গিয়ে আবদুস সামাদকে আবারও পেটান। তাঁরা ইট নিক্ষেপ করে কার্যালয়ের দরজা-জানালার কাচ ভাঙচুর করেন। এ সময় বাগানের কর্মচারী মো. আবদুল আজাদ, সুরঞ্জিত দাশ ও বিপ্র ধর ইটের আঘাতে আহত হন।চা-বাগানের ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম জানান, আবদুস সামাদকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। সাতগাঁও চা-বাগানের শ্রমিক পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ নায়েক বলেন, বাগানের শ্রমিকেরা ভাঙচুরের ঘটনায় জড়িত নন। কিছু বহিরাগত বেকার শ্রমিক এ ঘটনা ঘটিয়েছেন। তবে ডিসপেনসারিতে একজন নারী শ্রমিককে অপমান করায় শ্রমিকেরা ধর্মঘটে গিয়েছেন। শ্রমিকদের শান্ত করে কাজে ফেরানোর চেষ্টা চলছে।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ্ গতকাল বিকেলে জানান, সাতগাঁওয়ের শ্রমিকেরা এখন শান্ত। উপজেলা পরিষদের চেয়ারম্যান তাঁদের নিয়ে সাতগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বৈঠকে বসেছেন।শ্রীমঙ্গলের উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার জন্য শ্রমিকদের অনুরোধ করা হয়েছে। বৈঠক এখনো চলছে।