শ্রীমঙ্গলে সাবেক শাশুড়িকে হত্যার পর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক ব্যক্তি তাঁর সাবেক শাশুড়িকে ছুরিকাঘাত করে হত্যা ও শ্বশুরবাড়ির আরও চারজনকে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যক্তি নিজেও বিষপান করে আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার এই ঘটনা ঘটে। শ্রীমঙ্গল থানার পুলিশ এসব তথ্য দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ছুরিকাঘাতে নিহত নারীর নাম মুর্শেদা বেগম (৩৮)। তিনি শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট সড়কের মনির মিয়ার স্ত্রী। আহত ব্যক্তিরা হলেন মনির মিয়া (৪৫), তাঁর মেয়ে মুক্তা বেগম (২৩), ছেলে তামিম (৯) ও মেয়ে মুন্নি আক্তার (১৬)। যাঁর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে তাঁর নাম কামাল খান (৩০)। কামাল খান মুক্তার সাবেক স্বামী। আহত ব্যক্তিদের মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীমঙ্গল থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বছর খানেক আগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীততর গ্রামের কামাল খানের সঙ্গে মুক্তা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। স্বামী প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন। নির্যাতন সইতে না পেরে মাস খানেক আগে স্ত্রী বাবার বাড়ি শ্রীমঙ্গলে চলে আসেন। দুই সপ্তাহ আগে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোররাত ৫টা ৩৫ মিনিটে কামাল খান টিনের চাল কেটে সাবেক শ্বশুরবাড়িতে ঢুকে সবাইকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে আহত করেন। পরে তিনি (কামাল খান) বিষপান করেন। ওই বাড়িতে চিৎকার শুনে পুলিশ ও স্থানীয় লোকজন সেখানে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক কামাল খানকে মৃত ঘোষণা করেন। পরে মুর্শেদা বেগমকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হলে তিনি সেখানে মারা যান।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। স্বামী কামাল খান স্ত্রীকে নির্যাতনও করতেন। এ কারণে মাস খানেক আগে স্ত্রী বাপের বাড়ি চলে আসেন। ১৫-২০ দিন আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। এতে স্বামী আরও ডেসপারেট (বেপরোয়া) হয়ে ওঠেন। ভোররাতে টিন কেটে শ্বশুরের ঘরে ঢুকে ঘুমের মধ্যে সবাইকে চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছেন। পরে নিজেও বিষপান করেন।’ ওসি আরও জানান, এ ঘটনায় একটি হত্যা ও একটি অপমৃত্যুর মামলা হবে।